২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের কথা বলার অধিকার ফেরাতে হবে: ফখরুল

বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, “আজ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই দিবসে সেই কথা বলার অধিকার পুনপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা উচিৎ।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অতীতে আমরা যখনই ক্ষমতায় ছিলাম, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আবার ক্ষমতায় গেলে আমরা এ বিষয়ে আরো পদক্ষেপ নেব।” শহীদ মিনারে ফুল দেওয়ার ক্ষেত্রে এবার বিশৃঙ্খলা হচ্ছে- এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “গত রাতেও আমরা দেখেছি, এবার ফুল প্রদানে কোনো শৃঙ্খলা নেই। সকালেও একই অবস্থা। আমরা দুই ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে অনেকে ভিতরে ঢুকে যাচ্ছিল। এ রকম বিশৃঙ্খলা অন্য বছর দেখিনি।” অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় উপস্থিত ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালির ত্যাগের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দিনটি উপলক্ষে মঙ্গলবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এর কয়েক মিনিট পর ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন ১২টা ২১ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসএন/জেকে/১১৩০ ঘ.