শরীয়তপুর, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-৩ আসনে উপ-নির্বাচনে আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী টি আই এম মহিতুল গনির (মিন্টু সরকার) মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাছাইয়ের দিন রোববার নাগরিক কমিটির প্রার্থী মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান।
তিনি বলেন, দুটি মনোনয়ন পত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বাতিল হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিমের মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
মহিতুলের মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে রিটার্নিং কর্মকর্তা বলেন, “মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী এলাকার একভাগ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা জমা দিতে হয়। তার দাখিলকৃত তালিকায় অসঙ্গতি ও ত্র“টি ধরা পড়েছে।”
নির্বাচন কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মহিতুল তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। ২৫ ফেব্র“য়ারির মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।
আপিল গ্রহণ না হলে ২৬ ফেব্র“য়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাহিমকে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
ওই আসনে আওয়ামী লীগের দীর্ঘ দিন সংসদ সদস্য ছিলেন রাজ্জাক। তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে।
গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিতুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
রোববার সকালে দুই প্রার্থীই নিজেদের সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন।
প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় মহিতুল সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা চায় না অন্য কোনো প্রার্থী নির্বাচন করুক।
তিনি আইনি লড়াই চালাবেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩৬ ঘ.
bdnews24