ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে ১৫ ফেব্রুয়ারি নিয়ে প্রতিবেদন বা সম্পাদকীয় না থাকায় ‘হতাশা’ প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, “আমেরিকার পার্লামেন্ট লাইব্রেরি, ব্রিটেনের পার্লামেন্ট লাইব্রেরি এবং উইকিপিডিয়ায় ১৫ ফেব্র“য়ারি কী ঘটেছিলো তার স্পষ্ট উল্লেখ আছে।”
“কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে বা কোনো ওয়েবসাইটে এর কোনো উল্লেখ নাই। কেউ এটা নিয়ে কিছু লেখেও নাই।”
“অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে ইতিহাস ভুলে যাই,” যোগ করেন আশরাফ।
১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যায়িত করে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োাজিত সমাবেশে এসব বলেন তিনি।
সেবছরের নির্বাচন বয়কট করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। এর আগে ১৯৯৪ সালে একটি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংসদ বয়কট করতে শুরু করে দলটি।
ওই বছরেরই মার্চ মাসে বিরোধী দলগুলোর দাবির মুখে ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ফেব্র“য়ারির ‘বিতর্কিত’ নির্বাচনে জয়ী বিএনপি।
১৯৯৬ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের এ মেয়াদে গত বছরের জুন মাসে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় যা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বর্তমান বিরোধী দল বিএনপি।
সমাবেশে বিরোধী দলের সরকার পতনের হুমকি নাকচ করে সৈয়দ আশরাফ বলেন, “কারা সরকারে আসবে তা জনগণই ঠিক করবে।”
“আমরা কোনো চ্যালেঞ্জে বিশ্বাস করি না। রাজনীতি কোনো কুস্তি বা দৌড় প্রতিযোগিতা নয়। এটি পেশী শক্তিরও বিষয় নয়।”
বিশৃঙ্খলা সৃষ্টির পরিবর্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাঁচার তাগিদে আগামী নির্বাচনে জনগণই ঠিক করবে কাদেরকে তারা ক্ষমতায় বসাবে।”
এ সময় তাকে কেন্দ্র করে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, “আমি কিছু বললেই মিডিয়ায় জনমত যাচাই করা হয়- ‘সৈয়দ আশরাফ যা বলেছেন আপনি কি তার সাথে একমত?’ কিন্তু কিসের ওপর ভিত্তি করে তারা এ জনমত যাচাই করে?”
“আজকের এ দিনটি সম্পর্কে কোনো জনমত যাচাই করেনি।”
সমাবেশে থেকে আগামী ২১ ফেব্র“য়ারি, ৭ মার্চ, ২৬ মার্চ ও ৩০ মার্চ দলের কর্মসূচি ঘোষণা করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিরোধী দল ‘ঢাকা চলো’ কর্মসূচির নামে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে জনগণের সুরক্ষায় যা যা করার তার সবই করা হবে।
তিনি বলেন, “চট্রগ্রামসহ বিভিন্ন শহরে সমাবেশে কোনো বাধা দেওয়া হয়নি। এখন আপনারা ঢাকায় আসবেন। ঢাকা দখল করবেন আর আওয়ামী লীগ ঘরে বসে বসে তামাক খাবে- তা হবে না।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনবর্হালসহ বিভিন্ন দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি যা তাদের গত ৯ জানুয়ারি চট্টগ্রামের সমাবেশ থেকে ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২৫ ঘ.
bdnews24