২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক অপ্রয়োজনীয়, ইসিই যথেষ্ট: আ. লীগ

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিরোধী দলের জোরদার আন্দোলনের হুমকির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলী এই মত প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল দাবি জানিয়ে এলেও তত্ত্বাবধায়ক সরকার কিংবা এর মতো অর্ন্তর্বতীকালীন সরকার ব্যবস্থা অপ্রয়োজনীয় বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী। ক্ষমতাসীন দলের নেতারা আরো মনে করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনই যথেষ্ট। গণভবনে সোমবার রাতে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এই মত প্রকাশ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, “উচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ আর নেই। একটি শক্তিশালী নির্বাচন কমিশন থাকলে, সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এর বাইরে কোনো অসাংবিধানিক সরকারের প্রয়োজন আছে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী মনে করে না।” হানিফ অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এই বক্তব্য ধরে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। তা আর ফিরিয়ে আনার উপায় নেই। বর্তমান সরকার আমলে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংসদীয় আসনে উপনির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ হয়নি। বিরোধী দল বিরোধিতা করলেও জনগণ ইলেকট্রনিক ভোটিং মেশিন গ্রহণ করেছে বলেও দাবি করেন হানিফ। কুমিল্লার নির্বাচনে অংশ নেওয়ায় মনিরুল হককে বহিষ্কার এবং নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে খালেদার ফুল দিয়ে বরণ করে নেওয়ার সমালোচনা করে তিনি বলেস, এটা দ্বৈতনীতি। কোনো প্রস্তাব থাকলে সংসদে গিয়ে তা দিতে বিরোধী দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক। সভাপতিমণ্ডলীর বৈঠকে বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফর উল্যাহ, রাজিউদ্দিন আহমেদ রাজু, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, ওবায়দুল কাদের এবং আখতারুজ্জামান বাবু অংশ নেন। দলীয় প্রধানের সভাপতিত্বে এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু পর্যালোচনাও হয়েছে বলে জানান হানিফ। বৈঠকে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য করার বিষয়টি অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে ফেব্র“য়ারি ও মার্চ মাসে আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্র“য়ারি দিনের কর্মসূচির পরদিন আওয়ামী লীগ আলোচনা সভা করবে। ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে শিখা চিরন্তন থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক পর্যন্ত শোভাযাত্রা হবে। শোভযাত্রা শুরুর আগে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩৫৭ ঘ.