ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আইনজীবীরা সময় চাওয়ায় রোববার নির্ধারিত দিনে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। সোমবার এ বিষয়ে আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর নিজামীর আইনজীবীরা জানান, তাদের মক্কেলের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া কয়েক হাজার পৃষ্ঠার অভিযোগে নথি তারা পড়ে শেষ করতে পারেননি। এর মধ্যে লেখা ৪১৬টি পৃষ্ঠা একেবারেই পড়া যাচ্ছে না।
তাছাড়া স¤প্রতি নিজামীর চোখের ছানি কাটায় তিনি এসব অভিযোগ নিজে পড়ে দেখতে পারেননি বলেও আইনজীবীরা জানান। এই পরিস্থিতিতে প্রস্তুতি ‘যাথাযথ’ না হওয়ায় অভিযোগ গঠনের শুনানির জন্য আরো চার সপ্তাহের সময় চান তারা।
তাদের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ওই ৪১৬ পৃষ্ঠা নির্দিষ্ট করে আলাদাভাবে আরেকটি আবেদন করতে বলেন আসামিপক্ষের আইনজীবীদের। আর অভিযোগ গঠনের শুনানির বিষয়ে আদালত সোমবার আদেশ দেবে বলে জানানো হয়।
প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমীরের বিরুদ্ধে।
গত ৯ জানুয়ারি এই অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরুর তারিখ দেয় ট্রাইব্যুনাল।
নিজামী ছাড়াও ছাড়াও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১১০ ঘ.
bdnews24