২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প প্রস্তাব নিয়ে আসুন: বিএনপিকে আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে এ আহ্বান জানালেন আইনমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোনো প্রস্তাব থাকলে রাজপথে আন্দোলন না করে তা সংসদে এসে বলার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল নিয়ে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যেই এ আহ্বান জানান তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্য কোনো কাঠামো বা পদ্ধতির প্রস্তাব থাকলে রাজপথ নয়, তা নিয়ে বিরোধী দলকে সংসদে এসে আলোচনা করতে হবে।” বিএনপি ও সমমনা দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করলেও তা আর সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, “এর কোনো সুযোগ নেই। কেননা সুপ্রিম কোর্ট এ ব্যবস্থাকে অসাংবিধানিক, অবৈধ ও বাতিল বলে রায় দিয়েছে।” সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও তার সমমনা দলগুলো। এ দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেও সেদিন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিন নবগঠিত নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী শফিক। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নিয়োগ ‘অসাংবিধানিক’ বলে সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করার পরদিন আইনমন্ত্রী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং সংবিধান ও আইন সম্মতভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, “কেননা এতো স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন অতীতে কখনো হয়নি।” মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির বিষয়ে জারি করা প্রজ্ঞাপন আইনসম্মত ও সাংবিধানিক। যাদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা হয় তাদের কার্যক্রম নিয়েও বিতর্কের কোনো সুযোগ নেই। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও আইনসম্মতভাবে হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলামের পরিচালনায় কর্মশালায় অন্যদের মধ্যে প্রকল্প পরিচালক ইয়ান মরিসন, এ এস এস এম জহিরুল হক প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/জিএনএ/২১৩৭ ঘ.