২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক লাঞ্ছিত, অভিযুক্ত ছাত্রলীগ

শিক্ষা সফরে অংশ না নেওয়া শিক্ষার্থীদের টিউটোরিয়ালে কম নম্বর দেওয়া হবে শুনে ছাত্রলীগকর্মীরা এক শিক্ষককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

যশোর, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সফরে অংশ না নেওয়া শিক্ষার্থীদের টিউটোরিয়ালে কম নম্বর দেওয়া হবে শুনে ছাত্রলীগকর্মীরা এক শিক্ষককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপরে যশোরের সরকারি এমএম কলেজের ইতিহাস বিভাগে এ ঘটনা ঘটে। এ সময় তারা আসবাবপত্র ভাংচুর এবং কাগজপত্র তছনছও করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা দুপুরের পর ক্লাস বর্জন করেন। তবে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে। ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্বাস আলী বলেন, শুক্রবার ইতিহাস বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়নি। এ নিয়ে শিক্ষর্থীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে- যারা শিক্ষা সফরে যায়নি তাদের নম্বর কম দেওয়া হবে। তবে নম্বর কম দেওয়া সম্পর্কিত কোনো ঘোষণা কেউ দেননি বলে তিনি জানান। আব্বাস আলী আরো বলেন, দুপুর দেড়টার দিকে ইতিহাস বিভাগের প্রভাষক মো. সুজন মিয়া ডিপার্টমেন্টে বসেছিলেন। এসময় একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাসেলের নেতৃত্বে ৪/৫ ছাত্র উত্তেজিত অবস্থায় সেখানে এসে কোনো কিছু বুঝে উঠার আগেই সুজন মিয়াকে টেনেহেঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থীরা টিয়োটোরিয়ালে নম্বর কম দেওয়ার কথাটি উল্লেখ করে চিৎকার করছিল। বাধা দিলে তারা শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ মসয় ছাত্রলীগকর্মীদের শান্ত করতে গেলে লাঞ্ছনার শিকার হন অর্থনীতি বিভাগের শিক্ষক মহিউদ্দিন আহমেদ। আব্বাস আলী বলেন, এরপর ছাত্ররা আলমারি, চেয়ার-টেবিল ভাংচুর ও কাগজপত্র তছনছ করে চলে যায়। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষকরা বিষয়টি অধ্যক্ষ ইবাদুল হককে জানান। রোববার শিক্ষকদের সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান আব্বাস আলী। অধ্যক্ষ ইবাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষকরা মৌখিকভাবে ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছেন। যশোর জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ জানান, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। অনেকেই নাম ব্যবহার করে। এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৬ ঘ.