ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এ পদে থাকার নৈতিক অধিকার তার নেই।
শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, এই সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরাই প্রতিনিয়ত খুন-হত্যা চালিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।
“কাল গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি খুন হয়েছেন। এজন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তার এই পদে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।”
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। র্যাবের গোয়েন্দাদের ধারণা এ হত্যা পরিকল্পিত।
স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “তাকে বলব, আপনি পদত্যাগ করুন। দেশের মানুষ আপনাকে সাধুবাদ জানাবে।”
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএবি) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্রের রক্ষা কবজ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে
নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) ‘অনভিজ্ঞ ও অদক্ষ’ দাবি করে মওদুদ আহমদ বলেন, “এ রকম ব্যক্তিদের সরকার নিয়োগ দিয়েছে যাতে ইসি তাদের আজ্ঞাবহ থাকে। আমরা মনে করি, এর মাধ্যমে সরকার ইসিকে দুর্বল করে ফেলেছে।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে নামের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিযোগ দেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে শপথ নেন নতুন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ ও নির্বাচন কমিশনাররা।
ইসি নিয়োগের এই প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ দাবি করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, সংবিধানে প্রজ্ঞাপন জারি করে সার্চ কমিটি করার কোনো ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি। অথচ রাষ্ট্রপতি সার্চ কমিটি করেছেন, যা অবৈধ।”
“কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। সরকার তার অধীনে নির্বাচন পরিচালনা যে স্বপ্ন দেখছেন, তা দিবাস্বপ্নই থাকবে। অবশ্যই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে”, যোগ করেন মওদুদ।
ভারতমুখী পররাষ্ট্রনীতি
‘ভারতমুখী পররাষ্ট্রনীতিই বর্তমান সরকারের বড় ব্যর্থতা’- এমন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য মওদুদ আহমদ বলেন, “ এ কারণে প্রতিবেশী দেশ এ সরকারকে তাদের একটি প্রাদেশিক সরকার বলে মনে করে। কোনো গুরুত্ব তারা (ভারত) দেয় না। এজন্য সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না।”
ডিইএবির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সংগঠনের সদস্য সচিব মো. আবেদুর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24