২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার নূরুল

মেয়র লোকমান হোসেন হত্যামামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম ফের গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

নরসিংদী, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র লোকমান হোসেন হত্যামামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম ফের গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিকালে নরসিংদীর জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহানের আদালত থেকে জামিনের আদেশ হওয়ার পর সন্ধ্যায় ছাড়া পেয়েছিলেন নূরুল। গোয়েন্দা পুলিশ পরিদর্শক গৌরচন্দ্র মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন রনি হত্যায় মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি অনুসারে নূরুলকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১৫ মার্চ কলেজের মধ্যেই ছাত্রদল নেতা রনিকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়। বিএনপির দুই পক্ষের কোন্দলেই রনি খুন হন বলে অভিযোগ রয়েছে। রনির বড় ভাই আবুল ফজল ১৪ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের রাতেই একটি মামলা করেন। ওই ১৪ জনের মধ্যে নূরুলের নাম ছিল না। পরে মামলাটির তদন্তভার সিআইডি পুলিশের ওপর ন্যস্ত হয়। মেয়র লোকমান হত্যা মামলায় তিন দফা রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে নূরুলকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই সাহার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এর কিছু সময় পরই জেলা ও দায়রা জজের আদালতে তার জামিনের আবেদন হয়। গত ২৯ জানুয়ারি মালয়েশিয়া থেকে ফেরার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় লোকমান হত্যা মামলার পাঁচ নম্বর আসামি নূরুলকে। গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। লোকমানের ভাই পৌরসভার বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা করেন, তাতে নূরুল ইসলামই একমাত্র বিএনপি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২২২ ঘ.