ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপির সমাবেশে বাধা দেওয়া হলে তা প্রতিরোধ করা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
১২ মার্চ সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় আসবে, একে ‘ঢাকা চল’ কর্মসূচি বলছেন বিরোধী নেতারা। ওই দিন আওয়ামী লীগও ঢাকায় কর্মসূচি দিচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবর।
ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমরা কর্মসূচি দিয়ে মাঠ দখল করব। বিএনপিকে কোনোভাবেই ঢাকায় ঢুকে অরাজকতা চালাতে দেওয়া হবে না।”
এর প্রতিক্রিয়ায় রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ফারুক বলেন, “আমাদের নেত্রী ১২ মার্চ ঢাকা চল কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এর আগে ৩০ জানুয়ারি বিএনপির গণমিছিলের দিনও আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করেছিল। তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কোনো ধরনের গোলযোগ হয়নি।
চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে গণমিছিলে হামলায় পাঁচ জন নিহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ডাকা মানববন্ধনে অংশ নেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
তিনি অভিযোগ করেন, সরকার নিজের ইচ্ছামতো নতুন নির্বাচন কমিশন গঠন করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে। নীল নকশার নির্বাচন করার উদ্দেশ্যেই তাদের এই প্রয়াস।’’
একই স্থানে অন্য একটি মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সরকার ক্ষমতা হারানোর ভয়ে অনুগত নির্বাচন কমিশন গঠন করছে। ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুরির কলাকৗশল করছে। তবে এতে শেষ রক্ষা হবে না।”
শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের মুক্তি দাবি এবং গণমিছিলে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
নজরুল বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে বিএনপি এই সরকারের পতন ঘটাবে। সরকারকে বলব, দমননীতি পরিহার করুন। মামলা-হামলা বন্ধ করুন।”
লক্ষ্মীপুর ও চাঁদপুরে চার জনের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “শান্তিপূর্ণ গণমিছিলের ওপর পুলিশের গুলিবর্ষণের দায় সরকার এড়াতে পারবে না। আমরা মনে করি, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই এই গুলি হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪৫ ঘ.
bdnews24