২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন ‘কর্তৃত্ব’: সিইসি

কয়েকটি মন্ত্রণালয়-বিভাগের ‘কর্তৃত্ব’ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের কাছে থাকলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মত এটিএম শামসুল হুদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মনে করেন, কিছু বিষয় নিশ্চিত করা গেলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। এ জন্যে কিছু বিধি-বিধান পরিবর্তন এবং কয়েকটি মন্ত্রণালয়-বিভাগের ‘কর্তৃত্ব’ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া প্রয়োজন বলে মত সিইসি এটিএম শামসুল হুদার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলানগরে অফিস শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিদায়ী সিইসি। নিজ কার্যালয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে শেষ কর্ম দিবসে প্রতিক্রিয়া দেওয়ার সময় আবেগাপ্লুত দেখাচ্ছিলো তাকে। এ সময় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কি না? ‘কোনো কিছু অসম্ভব নয়’ মন্তব্য করে হুদা যোগ করেন, “তবে কাজটি কঠিন।” “এটা করতে গেলে শর্তহীনভাবে কিছু কাজ [মন্ত্রণালয় বিভাগ] যা যা করার দরকার ইসির ওপর ছেড়ে দিতে হবে। এসব শর্ত না মানলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে।” বর্তমান ইসি অন্তবর্তী সরকারের সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ‘পূর্বালোচনার’ বিধান রেখে আইনী সংস্কার আনা সুপারিশ রাখছে সরকারের কাছে। ২০১০ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদের শেষ ৯০ দিন ‘অন্তবর্তী সরকার’ রাখার বিধান রাখা হয় পঞ্চদশ সংশোধনীতে। প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকে এ ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে আসছে এবং ব্যবস্থাটি পুনর্বহালে আন্দোলনও করছে। শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের মাঝামাঝি। এ পটভূমিতে গত ডিসেম্বর থেকে এর পুনর্গঠনকেন্দ্রিক কার্যক্রম শুরু করে সরকার। নতুন নির্বাচন কমিশন গঠনে মত নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি। এর পর তিনি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার পদে নাম প্রস্তাবের জন্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন। কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নাম থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করছে। এ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রতিটি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। ‘কেউ যোগাযোগ করেনি’ সিইসি শামসুল হুদার কাছে সাংবাদিকরা জানতে চান পুনর্নিয়োগে তার আপত্তি বা অনাগ্রহ আছে কি না? জবাবে তিনি বলেন, “কেউ এখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। অপারগতা বা আগ্রহের প্রশ্ন আসছে কেন? এখন বলতে পারব না।” হুদা বলেন, তিনি কোনো ধরনের স্পেকুলেশনে (অনুমানে) বিশ্বাস করেন না। ইসি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যেই গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয় যাতে বলা হয় সিইসি শামসুল হুদার পুনর্নিয়োগ হতে পারে। অবশ্য এরকম হলে বিএনপি তা মানবে না বলেও ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। সার্চ কমিটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নামের প্রস্তাব দিলেও বিএনপি দেয়নি। দলটি রাষ্ট্রপতির সংলাপেই বলে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত ছাড়া ইসি পুনর্গঠন হলে তারা তা মানবে না। বিদায় অনুভূতি জানাতে গিয়ে সিইসি জানান, খুবই সুখকর। দেশের জন্য কিছু ভালো কাজ করে গেলাম, রেখে গেলাম। কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলাম। নবম সংসদ নির্বাচন করা ছিল বিশাল চ্যালেঞ্জ। এ কাজ সফলভাবে করতে পেরেছি।” বিরোধী দলের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি। সরকার সব সময় সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে ইভিএমের পক্ষে দশম সংসদ নির্বাচনে ভোট গ্রহণে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) করার পক্ষে মত দেন বিদায়ী সিইসি। তিনি বলেন, “ইভিএম একটি সুন্দর ও সহজ যন্ত্র। ইভিএম একটা বিরাট চ্যালেঞ্জ। ভবিষ্যতে এটার মাধ্যমে নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি।” বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও আগামীতে ইভিএম গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি। “পরবর্তী ইসি ইভিএমকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এটাকে পারসু করবে- এটাই প্রত্যাশা।” বর্তমান ইসির মেয়াদেই ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম ব্যবহৃত হয়। পরে আরো দুটি সিটি কর্পোরেশন এবং একটি পৌর নির্বাচনেও ভোট নেওয়ায় ইভিএম ব্যবহৃত হয়। এর মধ্যে সর্বশেষ কুমিল্লা সিটি এবং নরসিংদী পৌর নির্বাচনে পুরো ভোটগ্রহণ হয় ইভিএমে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “স্বাধীন ইসির একক কর্তৃত্ব সিইসি’র কাছে এবং সচিবালয়ের কর্তৃত্ব সচিবের কাছে থাকা বাঞ্ছনীয়।” “আগামীতে মহামতি ৫ জনের কমিশন হবে। সেক্ষেত্রে একটা ফাইল নিয়ে ৫ টেবিলে তো দৌড়াদৌড়ি করা যাবে না। প্রশাসনিক কাজের গতি থাকতে হবে। এক্ষেত্রে সিইসির কাছে কর্তৃত্ব থাকাই ভালো।” কমিশনের সিদ্ধান্তের ক্ষেত্রে ‘ঐকমত্যে’ সমস্যা হয়- এ মনোভাব থেকে বর্তমান কমিশন বরাবরই পাঁচ সদস্যের কমিশনের বিপক্ষে। অতীত ভুলে যাওয়াই ভালো বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাধায়ক সরকারের সময় বিএনপি’র ‘বিভক্তি’ নিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরই কথা বলবেন বলে জানান সিইসি শামসুল হুদা। তবে বিরোধী দলের কঠোর সমালোচনায় তিনি ‘মহীয়ান’ হয়েছেন বলে মন্তব্য করেন। শামসুল হুদা বলেন, “সবচেয়ে ভালো এ বিষয়টা ভুলে যাওয়া। যারা ওই সময় আরেকটি দলে গিয়েছিল তারা আজকে ভালো ভালো পদে সমাসীন। আমাদের বড় অশান্তির কারণ হচ্ছে- অতীতের রেখে যাওয়া লিগেসি জিইয়ে রাখা। এটা দুর্ভাগ্যজনক- দোষারোপ পাল্টা দোষারোপ করা।” ২০০৭ সালে জরুরি অবস্থায় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির ১২ সদস্যের সাত জন বৈঠকে করে প্রয়াত সাইফুর রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেন। ওই বছরেরই ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার আগে খালেদা বহিষ্কার করেন দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে। বিরোধী দলের পক্ষপাতিত্বের অভিযোগের জবাবে সিইসি বলেন, “যত গালাগালি করেন ততই আমি মহীয়ান। যত বলবে তত ভালো। বিদেশি সংস্থার জরিপে ৭০ শতাংশ লোক বলেছে আমি ঠিক কাজ করেছি। এই ৭০ শতাংশের মধ্যে বিএনপিও আছে। বিএনপির কিছু লোকও বলেছে আমরা ভালো কাজ করেছি।” সরকার সব সময় সহযোগিতা করেছে জানিয়ে সিইসি বলেন, “সবাই বলে রাজনেতিক সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন করা খুব কঠিন। আমি তা বোধ করিনি।” তবে শেষ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পাওয়াকেও ‘ভালো’ অভিহিত করেন তিনি। “এতে ভালো হয়েছে। সরকারের সঙ্গে আমাদেরও সেরকম যোগাযোগ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৩ ঘ.