ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বাংলাদেশিদের ওপর নির্যাতনের জন্য সরকারের পররাষ্ট্র নীতিকে দায়ী করে তার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী দল সমর্থক শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, “সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা-নিপীড়ন এবং দেশের অভ্যন্তরে সরকারের অগণতান্ত্রিক আচরণ দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে।”
ভারতের সঙ্গে অন্য আরো দেশের সীমান্ত থাকলেও সে দেশগুলোর নাগরিকদের ওপর এই ধরনের নির্যাতন হচ্ছে না দাবি করে তিনি বলেন, “শুধু বাংলাদেশের ক্ষেত্রেই তা ঘটছে। এ জন্য আমাদের সরকারের নতজানু পররাষ্ট্র নীতি দায়ী।”
দেশে বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের প্রতিবাদও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল।
সরকার ফ্যাসিবাদী আচরণ করছে দাবি করে সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরি এস ইসলাম বলেন, “কিন্তু আমরা সচেতন নাগরিকরা তা কখনো মেনে নেব না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। প্রয়োজনে আরেকটা যুদ্ধে নামব।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আমানুল্লাহ, অধ্যাপক আবুল হাসনাত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24