চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে গুরুত্ব দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র ত্বরান্বিত করতে আগামী [জাতীয়] নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হতে হবে।
রাষ্ট্রদূত ড্যান মজিনা বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, “গণতন্ত্রকে সুসংহত করতে সব রাজনৈতিক দলের সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য কৌশল নির্ধারণ করতে হবে।”
আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ গণতন্ত্র ত্বরান্বিত করতে আগামী [জাতীয়] নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হতে হবে।”
“গণতন্ত্রকে সুসংহত করতে কালক্ষেপণ না করে সব রাজনৈতিক দলের এখনই একসঙ্গে বসে ঐক্যমতে আশা উচিত।”
সংলাপে দেরি হলে ভোগান্তি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামে থিয়েটার ইন্সটিটিউটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার’ শিরোনামের আলোচনায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ড্যান মজিনা।
আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে এক তরুণ বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তি নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন।
একদিন আগে আরেক অনুষ্ঠানেও তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছিলেন।
এদেশের গণতন্ত্রকে নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে বলেও মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, “এদেশ প্রজন্ম পরম্পরার সন্ধিক্ষণে রয়েছে। জনসংখ্যার শতকরা ৮০ ভাগের বেশি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জন্ম নিয়েছে। প্রায় ৬৫ ভাগ মানুষের বয়স ২৫ বছরের নিচে।”
গণতন্ত্র প্রতিষ্ঠা ‘কঠিন ও জটিল’ প্রক্রিয়া অভিহিত করে যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত দিনে মজিনা বলেন, “২৩০ বছর ধরে আমেরিকা গণতন্ত্রের ভিত গড়ে তুলছে। কিন্তু তা এখনো সম্পন্ন হয়নি। কারণ আমরা এখনো গণতন্ত্রকে গড়ছি, ভাঙছি ও পরিশোধিত করছি।”
“এদেশে [বাংলাদেশে] গণতন্ত্রের বয়স কিছু বিবেচনার সাপেক্ষে মাত্র ২০ বছর। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমেরিকার মতো ভাঙছে ও গড়ছে।”
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির নেতা আলোচক হিসেবে থাকলেও এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
ইউএসএআইডি’র সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম, নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর জামায়াত নেতা আজম ওবায়দুল্লাহ, জাতীয় পার্টির নগর আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, আয়োজক সংগঠনের প্রধান ওয়েন লিপার্ড।
‘দুর্নীতি অস্থিতিশীলতা প্রধান শত্র“’
দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে এক মত বিনিময়ে অংশ নেন রাষ্ট্রদূত।
এ সময় তিনি বলেন, “দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান শত্র“।”
অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, গতিশীল ও কর্মোদ্যম নেতৃত্বের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।”
বাংলাদেশে জাহাজ নির্মাণ, তথ্য প্রযুক্তি, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও ওষুধ শিল্পকে ‘অপার সম্ভাবনাময়’ অভিহিত করে আগামী এক দশকেই বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন ড্যান মজিনা।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সব রপ্তানি পণ্য যাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সেজন্য উদ্যোগ গ্রহণ করতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০২৪ ঘ.
bdnews24