২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে সর্বাত্মক সহায়তা’

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শেখ হাসিনা বলেন, “জনগণ সানন্দে ইভিএমে ভোটদান পদ্ধতি গ্রহণ করেছে।” যুগোপযোগী ভোট ব্যবস্থাপনায় ইসির ইভিএম ব্যবহারের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনকে সহজ ও স্বচ্ছ করা এবং তাৎক্ষণিকভাবে দ্রুত সময়ে নির্ভুল ফল ঘোষণায় ইভিএম একটি আধুনিক দৃষ্টান্ত। পৃথিবীর অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে ইভিএম ব্যবহারের প্রশংসিত নজির রয়েছে।” সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে আধ ঘণ্টার বেশি। ২০১০ সাল থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার ক্রমান্বয়ে বাড়িয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ জানুয়ারির কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবকেন্দ্রে ইভিএম ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্ন সময় জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি প্রয়োগের পক্ষে তারা। তবে প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই ইভিএমে ভোটের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৯৪৬ ঘ.