২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে খালেদা, ২৪ জানুয়ারি শুনানি

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৪ জানুয়ারি নতুন দিন রেখেছে ঢাকার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৪ জানুয়ারি নতুন দিন রেখেছে ঢাকার আদালত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হওয়ার পর তার আইনজীবীদের করা সময়ের আবেদনের শুনানি করে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন নতুন এই তারিখ দেন। এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য এর আগে বেশ কয়েকবার তারিখ রাখা হলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় শুনানি হয়নি। এই প্রেক্ষাপটে গত ১৩ সেপ্টেম্বর ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন বলেন, আসামি পক্ষ বারবার ‘মিথ্যা তথ্য’ দিয়ে বিচার কার্যক্রম বিলম্বিত করছে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়াকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিলে শুনানির জন্য ১১ অক্টোবর দিন রাখেন বিচারক। সে অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী হিসাবে ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, মাসুদ আহমেদ তালুকদার ও মহসীন মিয়া এ সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য আরো সময় চেয়ে খালেদার আইনজীবীরা বলেন, এ মামলা বাতিলের একটি আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছে। খালেদা জিয়া ওই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন, যার ওপরে আগামী বছরের ১০ জানুয়ারি শুনানি হবে। যেহেতু উচ্চ আদালতে আবেদনটি বিচারাধীন, সেহেতু অভিযোগ গঠনের শুনানির জন্য সময় প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন খালেদার আইনজীবীরা। ব্যারিস্টার মওদুদ শুনানিতে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক আইন ব্যবহার করা যায় না। আর উচ্চ আদালতে কোনো বিষয় নিষ্পত্তির অপেক্ষায় থাকলে তা নিম্ন আদালতকে মানতে হয়। এ সময় বিচারক মো. মোজাম্মেল হোসেন আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণের আদেশের সত্যায়িত কপি দেখতে চাইলে খালেদার আইনজীবীরা তা দেখাতে ব্যর্থ হন। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল শুনানিতে বলেন, এটি একটি দীর্ঘ বিলম্বিত মামলা। খালেদা জিয়া ব্যস্ত থাকায় এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর ২১টির বেশি তারিখ পার হয়েছে, কিন্তু অভিযোগ গঠন করা যায়নি। “আপিল বিভাগে তার (খালেদা) পক্ষে কোনো আবেদন থাকলেও অভিযোগ গঠনে কোনো বাধা নেই। কাজেই আসামিপক্ষকে আর সুযোগ দেয়া উচিৎ হবে না।” উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য আবারো তারখ পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি নতুন দিন রাখেন। চেয়ারপার্সনের আসার খবরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকেই আদালত পাড়ায় অবস্থান নেন। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আদালত এলাকায়। শুনানি শেষে বেলা দেড়টার দিকেই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলার অন্য আসামিদের মধ্যে মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান শুরু থেকেই পলাতক। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালে উচ্চ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর আর ফেরেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে প্রথমবারের মতো পুরান ঢাকার মহানগর বিশেষ দায়রা আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছিল বিএনপি চেয়ারপার্সনকে। বর্তমান সরকারের সময়ে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান খালেদা জিয়া। এরপর ২০১১ সালের ১৭ জানুয়ারি আদালতে যান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিননামা দাখিল করতে। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালত পাড়ায় এসেছিলেন বিরোধী দলীয় নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/পিবি/জেকে/১৩৩৫ ঘ.