ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ১২টি দেশের রাষ্ট্রদূত ও কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ কথা জানান।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসি সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, বৈঠকে একজন রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনা বিশেষ করে সেনা মোতায়েন করা হবে কিনা কথা জানতে চান।
এর জবাবে সিইসি বরেছেন, “আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনী থাকবে। তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হতে পারে।”
আগামী র্নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিদেশি রাষ্ট্রদূতরা।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএনডিপি, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জাপান, ডেনমার্কসহ ১২টি দেশ/সংস্থার রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বিকাল তিনটা থেকে পৌনে পাঁচ টা পর্যন্ত এ বৈঠক চলে।
দশম সংসদ নির্বাচনের আগে পাঁচ সদস্যের নবগঠিত ইসির সঙ্গে এই প্রথম বিদেশি কূটনীতিকদের বৈঠক হলো।
সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে : সিইসি
সিইসি কাজী রকিব এ বৈঠককে ‘পরিচিতিমূলক সভা’ আখ্যায়িত করে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান।
তিনি বলেন, “নির্বাচনের আগে কী কী লাগবে, তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা দরকার, আমরা কী কী করছি, আমাদের অগ্রগতি- সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ কিছু মালামাল আমদানি করতে হয়, সেসব বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি বলেও জানান কাজী রকিবউদ্দীন।
এ সম্পর্কে তিনি আরো বলেন, “এটা তো আমাদের বিষয়। এ বিষয়ে তাদের নিয়ে কথা বলবো কেন? এটা তো ইন্ট্রুডাকটরি মিটিং। তারা কী সহযোগিতা দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
‘সঠিক পথে এগোচ্ছে ইসি’
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সঠিক পথেই এগোচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করে যাচ্ছে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে নির্বাচন কমিশনকে কারিগরি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসির কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন গিবসন।
এ বৈঠকে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয় নি বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান বিরোধী দলসহ সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে যুক্তরাজ্যের হাই কমিশনার বলেন, “আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।”
ইসির চ্যালেঞ্জ
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব মোহাম্মদ সাদিক।
নিজ কার্যালয়ে তিনি বলেন, “প্রতিনিধি দল বলেছে- জাতীয় নির্বাচনও আসন্ন, ২০১৩ সাল হবে ইসির জন্য ব্যস্ত ও চ্যালেঞ্জের বছর। তারা জানতে চায়- এ নির্বাচনে ইসির চ্যালেঞ্জ কী কী? তারা কী ধরনের সহযোগিতা করতে পারে।”
৩০০ সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা কতটুকু সম্ভব হবে তা জানতে চান উন্নয়ন সহযোগীরা।
“নির্বাচন পর্যবেক্ষণে সিসিটিভি ব্যবহার অনেকটা ট্রায়ালে রাখা হয়েছে। এতো বড় পরিসরে তা সম্ভব কিনা এবং উচ্চাভিলাষী চিন্তাভাবনা বলেও মত দেন সিইসি।”
বৈঠকে ৪০ হাজারের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য মালামাল বিদেশ থেকে সংগ্রহে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন অনুষ্ঠানে ইসির কর্ম পরিকল্পনা, ভোটার তালিকা হালনাগাদ, সুশীল সমাজ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ, সীমানা পুননির্ধারণসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন বৈঠকে।
সিইসি শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথাও জানান।
ইসি সচিব আরো জানান, প্রতিনিধিরা ইসির উদ্যোগের প্রশংসা করেছেন, তারা সন্তুষ্ট। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৯৪৭ ঘ.
bdnews24