ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দির, বসতিতে হামলার ঘটনায় সরকারের হাত ছিলো বলে আবারো অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার বিকালে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয় থানার দূরত্ব ৯শ’ গজ। ৯ ঘন্টা ধরে ওই হামলার ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয় প্রশাসন এগিয়ে আসেনি।
“আমরা মনে করি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের ইন্ধন ছাড়া রাতভর এতো বড় ঘটনা ঘটতে পারে না।’’
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
বিএনপি অভিযোগ করে আসছে যে, সরকারের উস্কানিতেই বৌদ্ধ মন্দির ও বসতিতে ওই হামলার হামলার ঘটনা ঘটে।
শনিবার হবিগঞ্জে এক জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারের রামু, উখিয়ায় বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার জন্য সরকার ও সরকার দলীয় লোকজনকে দোষারোপ করে বলেন, “তাদের ধরা হচ্ছে না। উল্টো বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ‘পরিকল্পিতভাবে’ সরকার ওই ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন বিরোধী দলের নেতা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তিসহ দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে রামুর ঘটনায় দলের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রধান মওদুদ আহমদ বলেন, ‘‘আমরা মনে করি, রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ার বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা করে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। এটিএকটি পূর্ব পরিকল্পিত হামলা।’’
বিএনপি নিরপেক্ষভাবে তদন্তের চেষ্টা করছে দাবি করে তিনি আশা প্রকাশ করেন যে, শিগগিরই জাতির কাছে তদন্ত প্রতিবেদন উপস্থাপন সম্ভব হবে।
সুরঞ্জিতের গ্রেপ্তার দাবি
রেলের ঘুষ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস’র গাড়িচালক আজম ছয় মাস আত্মগোপনে থাকার পর বেরিয়ে এসে বলেছে, “ঘুষের টাকা মন্ত্রীর বাসায় যাচ্ছিল। তাই আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে আজ দাবি জানাতে চাই, অবিলম্বে সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নিন।’’
তিনি এও মনে করেন, গাড়িচালক আজমের বক্তব্যের জবাবে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে কথা বলছেন, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। জনগণকে বিভ্রান্ত করতেই সুরঞ্জিত এরকম মিথ্যচার করছেন।
আজমের ওই বক্তব্যের পর সুনামগঞ্জের দিরাইয়ে এক জনসভায় সুরঞ্জিত অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
হলমার্ক কেলেঙ্কারি
খন্দকার মোশাররফ বলেন, কেবল হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মচারীদের গ্রেপ্তার করলেই চলবে না, সোনালী ব্যাংকের এমডিসহ পরিচালনা পর্যদের সব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি এও দাবি করেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ ‘লুটের’ পেছনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজনের হাত ছিলো। তাদের রক্ষা করতে ওই ঘটনাকে ধামাচাপা দেয়া হয়েছে। একইভাবে হলমার্কের এমডিসহ কয়েকজনকে গ্রেপ্তার করে সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনাও সরকার ধামাচাপা দিতে চাচ্ছে।
মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, উত্তরের সভাপতি মামুন হাসান, দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উত্তরের আহবায়ক ইয়াসীন আলী, দক্ষিণের যুগ্ম আহবায়ক রফিক হাওলাদার, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, উত্তরের সভাপতি আবুল মনসুর খান দীপক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৬ ঘ.
bdnews24