বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট বিএনপির ছয় নেতার প্রাথমিক সদস্যপদ বাতিলের প্রস্তাব করেছে জেলা নির্বাহী কমিটি।
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত দলের জেলা কার্য নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত এই প্রস্তাব গ্রহণ করা হয়।
শনিবার তা দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবর পাঠানো হয় বলে জেলা নেতারা জানিয়েছেন।
বহিষ্কার তালিকায় রয়েছেন দলের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য সাবেক সাংসদ শেখ মুজিবর রহমান, জেলা সহ-সভাপতি কামরুল ইসলাম গোরা, যুগ্ম-সম্পাদক খান মনিরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা পর্যায়েরে নেতা ওহিদুল ইসলাম পল্টু ও সরদার জাহিদুল ইসলাম।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জেলা সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভা হয়। এতে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে।
“এ বিষয়ে আলোচনা শেষে ছয় জন নেতার প্রাথমিক সদস্যপদ বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। শনিবার তা দলের কেন্দ্রীয় মহাসচিবের কাছে পাঠানো হয়েছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৮ ঘ.
bdnews24