২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম রেজাকে জাপার নোটিস- কেন অব্যাহতি নয়

জাতীয় পার্টির সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না- তা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না- তা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। প্রতারণতার অভিযোগে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপ ও সভাপতিমণ্ডলীর দায়িত্ব থেকে গত ২ অক্টোবর অব্যাহতি দেয়ার পর বৃহস্পতিবার রেজাকে এই নোটিস দিল জাতীয় পার্টি। দলের সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তাকে (রেজা) নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে।” জবাব সন্তোষজনক না হলে রেজাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপ এবং সভাপতিমণ্ডলীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর তিনি পার্টি এবং পার্টির চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা খবর প্রচার করেছেন।” রেজা জীবনবৃত্তান্তসহ বিভিন্ন স্থানে মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পার্টির মনোনয়ন নেন বলে দাবি করেন তাজুল। তিনি বলেন, “জীবনবৃত্তান্তে রেজা নিজেকে এইচএসসি পাস বলে দাবি করলেও আসলে তিনি নবম শ্রেণী পাস। জাতীয় সংসদেও সে মিথ্যা তথ্য দিয়েছে। “রেজা খুনের মামলার আসামি হিসাবে পালিয়ে কুয়েতে শ্রমিক হিসাবে কাজ করেছেন, অথচ নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন।” এ বিষয়ে প্রশ্ন করলে গোলাম রেজা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রতিষ্ঠানগুলোতে লুটপাট শুরু হয়েছে। আমি খুব ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলব।” গত ২ অক্টোবর রেজাকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপ এবং সভাপতিমণ্ডলীর দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে সভপাতিণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুকে পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭০৩ ঘ.