ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতরা ধর্ম, সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি আরো বলেন, “হামলাকারীদের সমূলে উৎপাটন করতে হবে। এই হামলা ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনা।”
মন্ত্রী মনে করেন, এটা কোনো সা¤প্রদায়িক দাঙ্গা নয় কিংবা কোনো সাম্প্রদায়িক হানাহানিও নয়। বরং সুপরিকল্পিত আগ্রাসন। দেশের সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করার জন্যই এ হামলা চালানো হয়েছে।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় র্ধর্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
এরপর উখিয়া ও টেকনাফ উপজেলায়ও বৌদ্ধসবতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিশ্বশান্তি পরিষদ আয়োজিত ওই মানবন্ধনে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী দাবি করেন, অতীতেও বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মদদে এ ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়েছে।
“সরকারের ভাবমূর্তি নষ্ট এবং দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।”
একইসঙ্গে বৌদ্ধ মন্দির ও উপাসনালয়গুলো থেকে যে সব প্রচীন নিদর্শন লুটপাট হয়েছে সেগুলো যাতে কোনোভাবেই দেশের বাইরে পাচার হতে না পারে সেজন্য সীমান্তে সতর্ক প্রহরারও আহ্বান জানান তিনি।
ইনু বলেন, “যুক্তরাষ্ট্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননা করে চলচ্চিত্র নির্মিত হলে প্রধানমন্ত্রীসহ দেশের সবাই যখন তার প্রতিবাদ জানিয়েছে তখনই এ হামলা করা হলো। যারা ওই চলচ্চিত্র নিয়ে উস্কানি দিচ্ছে তারাই এ পরিস্থিতি সৃষ্টি করেছে।
“এদের কঠোর সাজা দিতে হবে যাতে তারা ভবিষ্যতে আর এ ধরনের কাজ করার সাহস না দেখায়।”
এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এএইচ/এইচএ/১৭৫৯ ঘ.
bdnews24