লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিএনপির গণমিছিলে পুলিশের গুলির প্রতিবাদে রোববার জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভের কর্মসূচি দিয়ে দলটির নিউ ইয়র্ক শাখা।
সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) জ্যাকসন হাইটসে একটি রেস্তোরাঁয় এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রবাসী বিএনপি নেতারা বলছেন, দেশে বিরোধী দলের ওপর সরকারের নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক মহলকে জানাতেই এই কর্মসূচি দেওয়া হয়েছে।
গত রোব ও সোমবার চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে বিএনপি জোটের গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হন।
নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, দেশে ‘বাকশালী শাসন’ পুনঃপ্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। প্রতিবাদের ভাষা এভাবে স্তব্ধ করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, বাকের আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, ছাত্রদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24