ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নির্দেশে গণমিছিলে ‘পুলিশ’ গুলি করেছে অভিযোগ করে বিএনপি বলেছে, এজন্য তাদের জবাবদিহি করতে হবে।
বিএনপির তিন দিনের বিক্ষোভ সমাবেশের প্রথম দিন মঙ্গলবার রাজধানীতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “চাঁদপুর, লক্ষ্মীপুর ও রাজশাহীতে মিছিলে পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের জন্য আমরা প্রধানমন্ত্রীকেই দায়ী করছি। ভবিষ্যতে এজন্য আপনাকে (শেখ হাসিনা) জবাবদিহি করতে হবে।”
গত রোববার বিএনপির নেতৃত্বে চার দলের গণমিছিল চলাকালে সংঘর্ষের সময় লক্ষ্মীপুর ও চাঁদপুরে চারজন মিছিলকারী পুলিশের গুলিতে নিহত হয়। সোমবার রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় জামায়াতে ইসলামীর এক কর্মী।
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে বলেন, “পুলিশেও বিএনপি-জামায়াতের এজেন্ট আছে। সরকারকে বিপদে ফেলতে তারা একাজ করতে পারে।”
১৯৫২ সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ওপর গুলির ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, “ইতিহাস বলে, যারা গুলি করে মানুষ হত্যা করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। ১৯৫৪ সালের সেই মুসলিম সরকারের ভরাডুবি হয়েছিলো।”
গণমিছিলে তিন জেলায় পাঁচ জনের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিএনপি।
দেশের পুঁজিবাজার ‘ধ্বংসের’ জন্য সরকারের নীতিকে দায়ী করে সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, দেশের অর্থনীতিকে তারা সঙ্কটজনক পর্যায়ে নিয়ে এসেছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে গেছে। গতকাল (সোমবার) একজন বিনিয়োগকারী সব কিছু হারিয়ে আত্মহত্যা করেছেন।
এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় মির্জা ফখরুল যান আত্মহত্যাকারী লিয়াকত আলীর আর কে মিশন রোডের বাসায়। তার সঙ্গে ছিলেন বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা।
তারা লিয়াকতের বড় ভাই কাজী লুৎফুর রহমান, স্ত্রী তাহমিনা আখতার সাথী ও শ্বশুড় শামসুল হক মল্লিকের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/২০০০ ঘ.
bdnews24