ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে তিন জেলায় পাঁচ জনের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার থেকে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিএনপি।
রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর ৩টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
গত রোববার বিএনপির নেতৃত্বে চার দলের গণমিছিল চলাকালে লক্ষীপুর ও চাঁদপুরে চারজন মিছিলকারী পুলিশের গুলিতে নিহত হয়। সোমবার রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় জামায়াতে ইসলামীর এক কর্মী।
সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শুক্রবার মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভা শুরু হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
এর আগে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ বাহিনীর গুলিবর্ষণে সরকারের স্বৈরাচারী চেহারা ফুটে উঠেছে।”
“আমরা এমন ঘটনার প্রতিবাদ জানাতে আজ বিভাগ, জেলা ও উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪২ ঘ.
bdnews24