২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংস রাজনৈতিক কর্মসূচি চলবে না: হানিফ

বিরোধী দলকে আর কোনোভাবেই ‘সহিংস’ রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে আর কোনোভাবেই ‘সহিংস’ রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। সোমবার তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “হয় মুক্তিযোদ্ধা, না হয় রাজাকারদের পক্ষে আসুন। একদিকে, মুক্তিযুদ্ধের কথা বলবেন, অন্যদিকে যুদ্ধাপরাধীদের মুক্তি চাইবেন- এটা হতে পারে না।” বিএনপি দেশব্যাপী যে গণমিছিল কর্মসূচি পালন করছে তা কীসের দাবিতে করা হচ্ছে তা দেশের মানুষকে জানানোর আহ্বান জানান হানিফ। বিএনপি নেতাদের উদ্দেশ্যে এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, “সংসদে গিয়ে কথা বলুন। পল্টনে বক্তৃতা দিয়ে দাবি আদায় করা যাবে না।” বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন হানিফ। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবিতে এই জনসভা হয়। ঢাকার বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোমবার দুপুর ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। কর্মী-সমর্থকদের ভিড়ে এক সময় শহীদ নূর হোসেন স্কয়ার থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে জনসভায় বলেন, “সোজা পথে আসেন, গণতন্ত্রের পথে আসেন, ন্যায়ের পথে আসেন। সন্ত্রাসকে বেছে নেবেন না। তাহলে, সরকার কঠোর থেকে কঠোরতর হবে।” বিএনপি গণমিছিল থেকে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে- গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে তাদের রাজধানীর ওই কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া বলে আবারও উল্লেখ করেন কামরুল। এ জনসভা রোববার হওয়ার কথা থাকলেও রাজধানীতে মিছিল-সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞার কারণে তা পিছিয়ে সোমবার করা হয়। রাজধানীসহ জেলা সদরগুলোয় রোববার গণমিছিল করবে বলে বিএনপি ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর একই দিন রাজধানীতে জনসভা করার ঘোষণা দেয় নগর আওয়ামী লীগ। এ প্রেক্ষিতে ওই দিন ঢাকা শহরে সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মহানগর পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩২ ঘ.