২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নিহতরা পুলিশের মামলায় আসামি

চাঁদপুরে বিএনপির গণমিছিলের সময় পুলিশের গুলিতে নিহত লিমন ও আবুলকে আসামি করা হয়েছে পুলিশের মামলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

চাঁদপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিএনপির গণমিছিলের সময় পুলিশের গুলিতে নিহত লিমন ও আবুলকে আসামি করা হয়েছে পুলিশের মামলায়। রোববার রাতে বিশৃঙ্খলা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার। মামলায় বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মীর নাম উল্লেখসহ বিএনপির ৫/৬ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। লিমনকে ২৯ ও আবুলকে ৩০ নম্বর আসামি করা হয়। রোববার শহরে বিএনপি গণমিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ দুজন নিহত হন। এরমধ্যে রিকশাভ্যান চালক লিমন ছেয়াল একটি সিগারেট কোম্পানির বিলিকারক এবং আবুল মৃধা রিকশা চালক। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে বিএনপি দাবি করেছে। মামলার এজাহারে বলা হয়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়ে গোলাগুলি ও মারামারি করে। এতে নিজেদের ছোঁড়া গুলিতে এ দুজনের মৃত্যু হয়। এছাড়া মামলার নথিতে রোববারের সংঘর্ষে পুলিশ ১১৪ রাউন্ড গুলি ছুঁড়েছে বলেও উল্লেখ করা হয়। এদিকে নিহতদের আসামি করায় জেলা বিএনপি সভাপতি মমিনুল হক বলেন, “যেকোনো মারাত্মক সংঘর্ষ-সংঘাত হলে দেখেছি পুলিশ প্রথমে লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, রাবার বুলেট ছোঁড়ে কিংবা রাইফেলের ফাঁকা গুলি ছোঁড়ে। কিন্তু রোববার চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশ কোনোরকম সংঘাত ছাড়াই বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।” নিহতদের স্মরণে বিএনপির ২ দিনের কর্মসূচি চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি কর্মীর স্মরণে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। সোমবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক জানান, নিহতদের স্মরণে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে শোকসভা ও পরদিন বুধবার জেলার প্রতিটি মসজিদে নিহতদের স্মরণে মিলাদ মাহফিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৭ ঘ.