পাবনা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় বিএনপির দুই পক্ষ একই সময়ে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জেলা শহরে সোমবারও ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল-সমাবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোমবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছেন পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
রোববারও একই কারণে এই এলাকায় ১৪৪ ধারা বলবৎ ছিলো।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা চলাকালে পাবনা শহরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটি গঠনের পর থেকে পাবনা বিএনপিতে উত্তেজনা চলছে। এর ধারাবাহিকতায় দলের দুটি অংশ আলাদাভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
রোববার নিষেধাজ্ঞার সোমবারও দুই পক্ষ মিছিলের প্রস্তুতি নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২২৫ ঘ.
bdnews24