চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপিকে সোমবার গণমিছিল করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন- বিএনপিনেতাদের এমন আশ্বাসের প্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। অনুমতির বিষয়টি রোববার রাতে বিএনপি নেতাদের টেলিফোনে জানানো হয়।
চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার টেলিফোনে আমাদের গণমিছিলের অনুমতির বিষয়টি জানিয়েছেন।”
সোমবার দুপুর সাড়ে ৩টায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে পূর্বঘোষিত গণমিছিল ‘শান্তিপূর্ণভাবে’ শুরু করবেন বলে জানান তিনি।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাত ৯টায় বলেন, “বিএনপি নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন বলে আমাদের জানিয়েছেন। সেকারণে তাদের গণমিছিল করার অনুমতি দিয়ে বিষয়টি টেলিফোনে মৌখিকভাবে জানানো হয়েছে।”
সোমবার সকাল থেকে নগরীতে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞাও উঠে যাবে বলেও জানান তিনি।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমপি রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীতে সব ধরনের মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ প্রেক্ষিতে নগর বিএনপি তাদের রোববারের গণমিছিল সোমবার বিকালে করার ঘোষণা দেয়।
রাজধানীতে রোববার বিএনপির গণমিছিলের পাল্টায় ক্ষমতাসীন দলের জনসভার কর্মসূচি থাকায় সেখানেও রোববারের জন্য মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। এর ফলে বিএনপি সোমবার ওই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় শনিবার। এ গণমিছিলে ঢাকা মহানগর পুলিশ অনুমতি না দিলেও সেখানে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞাও আরোপ হয়নি।
রোববার দেশের অন্যান্য স্থানে বিএনপি কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
চাঁদপুর ও লক্ষ্মীপুরে গণমিছিল কেন্দ্রিক সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুজন করে চার জন নিহত হয়। এ ঘটনা তদন্তে ইতিমধ্যে দুটি কমিটিও করেছে পুলিশ বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৭ ঘ.
bdnews24