২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলে গুলি, নিহত ৩

বিএনপির গণমিছিল কর্মসূচিতে বাধার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিল কর্মসূচিতে বাধার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁদপুরের লিমন (২৫) ও আবুল হোসেন গাজী (৫৫) এবং লক্ষ্মীপুরের মো. রুবেল (২২)। এদের মধ্যে লিমনের বাসা চাঁদপুর শহরের গোয়াখোলা এলাকায়। আর আবুল হোসেন গাজীর বাবুরহাট এলাকায়। তিনি পেশায় রিকশাচালক। লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা রুবেল যুবদল কর্মী বলে দাবি করেছে জেলা বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, হবিগঞ্জ, সিরাগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে। সকালে সংবাদ সম্মেলন করে বগুড়াও তাদের গণমিছিল একদিন পিছিয়ে দেয়। ঘোষণা অনুযায়ী সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এসব ঘটনায় আহত হয় তিনশতাধিক। সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ লক্ষ্মীপুর, চাঁদপুর, নাটোর, কিশোরগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় দেশ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, মিছিলে গুলির ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি তদন্তে দুটি কমিটি করা হবে। চাঁদপুর: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি সকাল সোয়া ১১টার দিকে জেলা কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে শহরের কালীবাড়ি, লেকেরপাড়, নতুনবাজার, চিত্রলেখা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। শহরের লেকের পাড় এলাকায় পুলিশ গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয়। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুন্নবি মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে তিনজনেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে লিমন ও আবুল হোসেন গাজী নামে দুজন মারা যান। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মেজিস্ট্রেট শামীমুল হক পাভেলের নির্দেশেই পুলিশ গুলি চালিয়েছে। মডেল থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুরো শহরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এদিকে মিছিলে বাধা ও দুই জন নিহত হওয়ার ঘটনায় চাঁদপুরে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। লক্ষ্মীপুর: সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ তেমোহিনীর রামগতি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএনপি-জামায়াত মিছিল বের করে। মিছিল শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপক্ষো করে মিছিলটি শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও হাসপাতাল রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে নেতা-কর্মীরা আদর্শ সামাদ সরকারি বিদ্যালয় ও আশপাশে ব্যাপক ভাংচুর করে। এসময় পুলিশের উপরও হামলা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। লক্ষ্মীপুর-রামগতি গোটা সড়ক তখন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তিনজন গুলিবিদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়াও পুলিশ-সাংবাদিকসহ আরো প্রায় ২০ জন আহত হয়। এদের অনেককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক নিজাম উদ্দিন জানান, গুলিবিদ্ধ তিনজনসহ মোট ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ রুবেল (২২) নামে এক যুবক মারা গেছেন। এছাড়া পরিস্থিতির অবনতি হওয়ায় গুলিবিদ্ধ রবিউল আহসান (১৭) এবং আবুল কাসেমকে (৫০) নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। জেলা পুলিশ সুপার (এসপি) জমসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি-জামায়াত শিবিরের হামলায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাসার, আব্দুর রহিম, মো. ইয়াকুবসহ ১২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. হাসিবুর রহমান হাসিব গুলিতে নিহত রুবেলকে যুবদলের কর্মী বলে দাবি করেন। তিনি জানান, গুলিবিদ্ধ নাহিদ (৩৫) জাভেদ (৩২) নামে আরো দুজন পুলিশের ভয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নাটোর: পুলিশ ও আওয়ামী লীগের বাধায় নাটোরে মিছিল করতে পারেনি জেলা বিএনপি। এসময় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার সাংবাদিকদের জানান, সাড়ে ১১টার দিকে শহরে মিছিল বের করার উদ্যোগ নিলে পুলিশ ও আওয়ামলী লীগের কর্মীরা বাধা দেয়। তারা শহরের ছায়াবাণি, মাদ্রাসা, হরিশপুর ও রসুলের মোড়ে বিএনপির শতাধিক নেতাকর্মীকে জখম হয়েছেন বলে দাবি করেন রুহুল। তিনি জানান, এরমধ্যে এরশাদ আলী (৪০) নামের এক কর্মীর পায়ের রগ কাটা হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের বহনকারী অন্তত ২৫টি মোটরযান ভাংচুর করে। তবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম এবং সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন হামলার কথা অস্বীকার করেন। বাগেরহাট: সকালে পুলিশের বাধায় গণমিছিল করতে না পেরে নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় পথসভা করেছে জেলা বিএনপি’র একটি অংশ। দুপুর ১২টার দিকে অপর একটি পক্ষ শহরের হাসপাতাল মোড়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা প- হয়ে যায়। এসময় পুলিশ শহরের হাড়িখালী বটতলা এলাকা থেকে বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করে। জেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম অভিযোগ করেন, পুলিশের বাধার কারণে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা আসতে পারেননি। নেতাকর্মীদের বাধা দেওয়ার কথা অস্বীকার করে জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম জানান, অটককৃতরা অপর অংশের উপর হামলার পরিকল্পনা করছিল। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিশোরগঞ্জ: গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্র্ষে সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। গুলিবিদ্ধ হয়েছে তিনজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপসহ ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিদ্ধ আব্দুস শহিদ (৩৫), রাসেল (২৫) ও আসাদকে (২৪) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি আমীরুজ্জামান ও হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, ইব্রাহিম মোল্লা, জামান, সাদ্দাম, মঞ্জুর, নয়ন, মেরাজ, হাবিবুর, তানভীর, নফিক, শরীফ ও সোহেল নামে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড রাবার বুলেট, ৯ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে ২২ জন পুলিশ ছাড়াও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, যায়যায়দিনের জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, আমার বাংলাদেশ পত্রিকার কামরুজ্জামান উজ্জ্বল ও এস হোসের আকাশ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা পেয়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। পাশাপাশি পুলিশও লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। মাদারীপুর: জেলা বিএনপি সকাল ১১টায় মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত ১৫ জন আহত হয়। মাদারীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ পারভেজ জানান, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। আহত নাছিমা বেগম, কামাল হোসেন, রাজীব, আল-আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশ বাধা দিয়েছে মাত্র। টাঙ্গাইল: পূর্ব নির্ধারিত মিছিলে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ হামলা চালালে অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র সভাপতি এড. আহমেদ আযম খান জানান, পুলিশের ছত্রছায়ায় গণমিছিলে আসার পথে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আহতদের মধ্যে দেলদুয়ার উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ চাঁন খা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস ও নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আ. রাজ্জাককে স্থানীয় সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে হামলার কথা অস্বীকার করেছে জেলা আওয়ামী লীগ ও পুলিশ। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে শহরের নিরালা মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পরে এবং মুহূর্তের মধ্যে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। এরপর ভিক্টেরিয়া রোড, জেলা সদর রোড, ক্লাব রোডসহ বিভিন্ন সড়কে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘ হয়। বান্দরবান : জেলা বিএনপি’র মিছিল বের করলে পুলিশের বাধায় প- হয়ে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিএনপি মিছিল বের করলে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে পুলিশ বাধা দেয় ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান-পাট ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যায়। লোকজন এদিক-ওদিক ছুটাছুটি করে। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরে আওয়ামী লীগও মিছিল বের করে এবং জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি ও চারদলীয় জোটের গনমিছিলে পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। জেলা বিএনপির সভাপতি এড. হারুন আল রশীদ জানান, সকাল থেকেই খ- খ- মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা রেল গেইট জেলা কার্যালয়ের সামনে আসছিলেন। সাড়ে ১১টার দিকে চারদলের একটি মিছিলে রেলগেট এলাকায় কালিবাড়ি মোড়ে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে চারদলের ১০ নেতা-কর্মী আহত হয় বলে জানান হারুন আল রশীদ। সদর থানার ওসি আব্দুর রব জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসময় তিন রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। নেত্রকোনা : পুলিশি বাধার মুখে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান জানান, পুলিশি বাধার কারণে ছোটবাজার জেলা কার্যালয়ের সামনে সকাল ১১টায় তারা সমাবেশ করেছেন। পটুয়াখালী: পুলিশি বাধা উপেক্ষা করে সকাল সাড়ে ১১টায় শহরে মিছিল করেছে বিএনপি। শেরে বাংলা রোডস্থ বটতলা থেকে মিছিলটি বের হলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিলকারীরা বাধা উপেক্ষা করে সার্কিট হাউসের সামনে একটি সমাবেশ করে। বগুড়া: শহরে ১৪৪ ধারা জারির কারণে রোববারের গণমিছিল সোমবার করার ঘোষণা দিয়েছে বগুড়া জেলা বিএনপি। রোববার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরে সকল প্রকার মিছিল-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. সারোয়ার মাহমুদ। তিনি জানান, বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও একই সময়ে শহরে মিছিল-সমাবেশের ঘোষণা দেয়। দুইপক্ষের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ১৪৪ ধারা জারির পর সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে সোমবারের গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আসাদুর রহমান দুলু জানান, ১৪৪ ধারার কারণে তাদের সমাবেশ ও মিছিল স্থগিত করা হয়েছে। কর্মসূচির সময় পরে জানানো হবে বলে জানান দুলু। হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার বণিক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানান, রোববার সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহরে সভা-সমাবেশ-মিছিল-মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। শহরে ১৪৪ ধারা জারি করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ। পাবনা: বিএনপির দুইপক্ষ একই সময়ে গণমিছিলের ঘোষণা দেয়ার পর সংঘর্ষের আশঙ্কায় পাবনা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শহরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ: শহরে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৫০ ঘ.