ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘পাল্টা কর্মসূচি’ দিয়ে ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশ ‘বানচালের’ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে জাাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “১২ মার্চের মহাসমাবেশ বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। সরকারি দলকে বলবো, রাজনৈতিক শিষ্ঠাচার শিখুন। আমাদের কর্মসূচি পূর্বঘোষিত। এভাবে বিশৃঙ্খলা করার পরিণতি শুভ হবে না।”
গত ৯ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউণ্ড মাঠে এক সমাবেশ থেকে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এদিকে বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দেওয়া হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আলোচনা সভায় হান্নান শাহ অভিযোগ করেন, আওয়ামী লীগ ১২ মার্চের সমাবেশ বানচাল করারও পরিকল্পনা করেছে।
সরকার ‘তোষণ নীতির’ মাধ্যমে দেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলতে চাইলে বলেও অভিযোগ করেন তিনি।
‘সব অভ্যুত্থানে আওয়ামী লীগ জড়িত’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেন, “আমি সেনাবাহিনী একজন সাবেক কর্মকর্তা হিসেবে বলছি, বাংলাদেশে যতো অভ্যুত্থান কিংবা ক্যু হয়েছে, তার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিলো। এখন প্রধানমন্ত্রী অভ্যুত্থানের সঙ্গে জিয়াকে জড়াচ্ছেন। এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন জেনারেল জিয়া।
বর্তমান সরকার সেনা বাহিনীর পোশাক বদলে ফেলার পরিকল্পনা করছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, “এখন শুনছি, আগেকার রক্ষী বাহিনীর জলপাই রঙের পোশাকের আদলে সেনাবাহিনীর অফিস ড্রেস চালু করা হচ্ছে। ওই জলপাই রংয়ের পোশাক কেবল রক্ষীবাহিনীই নয়, অন্য একটি দেশের সেনাবাহিনীর মতোও। এটা কিসের আলামত?”
সা¤প্রতিক ব্যর্থ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশ সেনা বাহিনী কখনোই দেশের গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত ছিলো না। সংসদে কয়েক মিনিটে আইন পাস করে আওয়ামী লীগই গণতন্ত্র হত্যা করেছে।’’
সেনাবাহিনী গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে।
এরপর ২১ জানুয়ারি এক অনুষ্ঠানে অভ্যুত্থান চেষ্টার জন্য প্রধান বিরোধী দল বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাদের (বিরোধী দল) বক্তৃতা, বিবৃতি একবার অ্যানালাইসিস করা হলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেশের মানুষের কাছে।”
অবশ্য বিএনপি বলে আসছে, গণতান্ত্রিক পন্থা ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা হস্তান্তর তারা সমর্থন করে না।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আহ্বায়ক হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভাপতি ফরিদা ইয়াসমীন, তাঁতী দলের সভাপতি হুয়ায়ুন ইসলাম খান, সাংস্কৃতিক একাডেমীর চেয়ারম্যান এম এম মেহবুব রহমান বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১৮ ঘ.
bdnews24