ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারসহ ১৬১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগরের ৬ নং দ্রুত বিচার আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ অভিযোগ গঠন করে ৬ ফেব্র“য়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অভিযুক্ত ১৬১ জনের মধ্যে ১৪৯ জন বর্তমানে কারাগারে আটক আছেন, পলাতক রয়েছেন ছয় জন এবং জামিনে আছেন ছয় জন।
যাদেরকে পলাতক দেখানো হয়েছে তারা হলেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারী জেনারেল মজিবুর রহমান, ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ডা. শফিকুর রহমান, শিবির সভাপতি ফকরুদ্দিন মানিক এবং সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদী।
গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর পল্টন ও রমনা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রমনা ও পল্টন থানা পুলিশের কাজে বাধা দেওয়া এবং দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা করে পুলিশ।
ঘটনার আট দিন পর ২৮ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগপত্র দাখিল করে রমনা মডেল থানা পুলিশ ও পল্টন থানা পুলিশ পৃথক দুটি অভিযোগপত্র দেয়।
এছাড়া একই অভিযোগে রমনা থানায় করা অপর মামলার সাক্ষ্যগ্রহণের দিন বুধবার নির্ধারিত থাকলেও তা নেওয়া হয়নি। এ মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিনও ধার্য করা হয় ৬ ফেব্র“য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/পিডি/২২১১ ঘ.
bdnews24