ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ জানুয়ারি ঢাকার গণমিছিল শান্তিপূর্ণভাবে করতে সরকারের ‘সহযোগিতা’ চেয়েছে বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেন, “আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি।”
“আমরা আশা করব, সরকার আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে সহযোগিতা দেবে,” যোগ করেন তিনি।
এ কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারিও দেন ফখরুল।
বুধবার সন্ধ্যায় চারদলীয় জোটসহ সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন তিনি।
২৯ জানুয়ারি দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল শুরু হবে যাতে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, গণমিছিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, অর্থনৈতিক মন্দা, সীমান্ত হত্যাসহ জনদুর্ভোগ সমাধানে সরকারের ‘ব্যর্থতার’ প্রতিবাদ জানানো হবে।
গণমিছিল কোথায় গিয়ে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, রুট এখনো নির্ধারণ হয়নি।
মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র সভাপতিমণ্ডলীর সদস্য খন্দকার সিরাজুল ইসলাম, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান,ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ ভাসানী সভাপতি শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৮ ঘ.
bdnews24