২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্বাচন কমিশন ঠিক করা আছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, নতুন নির্বাচন কমিশন কাদের নিয়ে গঠন করা হবে সরকার তা আগেই নির্ধারণ করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, নতুন নির্বাচন কমিশন কাদের নিয়ে গঠন করা হবে সরকার তা আগেই নির্ধারণ করে রেখেছে। মঙ্গলবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “সংলাপের আগেই সার্চ কমিটি গঠন ও কাদের নিয়ে ওই কমিটি হবে, তার প্রজ্ঞাপন সরকার তৈরি করে রেখেছিল। নতুন নির্বাচন কমিশনে কারা নিয়োগ পাবেন, তাও ঠিক করে রাখা আছে। রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপের নামে অযথা নাটক করানো হয়েছে।” বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের মাঝামাঝি। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন নির্বাচন কমিশন গঠনে নামের সুপারিশ তৈরি করতে রোববার চার সদস্যের সার্চ কমিটি গঠন করেন। নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এ উদ্যোগ নেন রাষ্ট্রপতি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ হয়। যুবদলের পূর্ব নির্ধারিত কর্মসূচি শোভাযাত্রা করতে অনুমতি না দেওয়ায় এ সমাবেশ করে তারা । সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “একদলীয় শাসনে দেশকে ফিরিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি একজন শ্রদ্ধেয় ভালো মানুষ। তার পদকে বির্তকিত করতে তারা সংলাপের নাটক করিয়েছে।” “আমরা তারপরও সংলাপে যোগ দিয়ে বলে এসেছি, আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্ত নিতে হবে। নইলে নির্বাচন কমিশন পুনর্গঠন অর্থহীন হবে,” যোগ করেন তিনি। পুঁজিবাজার প্রসঙ্গ পুঁজিবাজারের অবিরাম দরপতন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন দমাতে ‘সরকারি তৎপরতা’র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “সর্বস্বান্ত বিনিয়োগকারীরা প্রতিবাদ জানাতে মঙ্গলবার হরতাল কর্মসূচির ডাক দিয়েছিল। কিন্তু রাতে নেতাদের ধরে নিয়ে জোর করে মুচলেকা আদায় করে ওই কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছে। এভাবে বিনিয়োগকারীদের তারা দাবিয়ে রাখতে চায়।” সোমবার পুঁজিবাজারে দরপতনের বিক্ষোভ থেকে মঙ্গলবার রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এরপরপরই আটক করা হয় বিনিয়োগকারীদের আট নেতাকে। পরে আটক নেতাদের ছাড়ার আশ্বাসে রাতে হরতাল প্রত্যাহার করে নেয় তারা। দেশের অর্থনীতির চিত্র তুলে ধরে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে ব্যাংকগুলো আজ দেউলিয়া হতে বসেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন সরকারকে বলতে বাধ্য হয়েছেন, দয়া করে ব্যাংক থেকে আর ঋণ নেওয়া বন্ধ করুন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯৪৯ ঘ.