২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: আরো এক ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় আরো এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় আরো এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র জাহিদ হাসানকে রোববার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সাভারের আশুলিয়া থানার ওসি এসএম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুবায়ের হত্যায় ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার তিন জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান জুবায়ের। জুবায়ের হত্যার প্রতিবাদে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের মুখে ইতোমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবি মেনে অপসারণ করা হয়েছে প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এ ঘটনার তদন্ত চলছে। জুবায়ের নিহত হওয়ার দিনই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করে প্রশাসন। ৩০ কর্মদিবসের মধ্যেই এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/এমআই/১৯৪৫ ঘ.