২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগে ৪ সদস্যের সার্চ কমিটি

আপিল বিভাগের এক জন বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিটিতে থাকছেন হাইকোর্ট বিভাগের এক জন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশন চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে নামের সুপারিশ তৈরি করতে চার সদস্যের সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের এক জন বিচারককে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য থাকছেন হাইকোর্ট বিভাগের এক জন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশন চেয়ারম্যান। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এ প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা । প্রজ্ঞাপনে বলা হয়, অনুসন্ধান কমিটি গঠনের ১০ কার্য দিবসের মধ্যে কমিটির সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করবে। কমিটি সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটির কাজ সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিদায় নিতে যাচ্ছে আগামী মাসে। নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরই সার্চ কমিটি গঠন করা হলো। সংলাপে অধিকাংশ দলই সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেওয়ার জন্য একটি অনুসন্ধান কমিটির গঠনের পক্ষে মত দিয়েছে, সেহেতু সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণে রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠন করলেন। অনুসন্ধান কমিটির সভাপতি ও সদস্য হিসাবে আপিল বিভাগের এক জন এবং হাইকোর্টের এক জন বিচারপতির নাম মনোনীত করার জন্য প্রধান বিচারপতির কাছে রোববার চিঠিও পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এমআই/১৭০৭ ঘ.