ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবককে হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার রাতে এক তথ্য বিবরণীতে বলা হয়, ভারতীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের দেওয়া আশ্বাস সত্ত্বেও এ ধরনের ঘটনার [সীমান্তে বাংলাদেশী হত্যা] পুনরাবৃত্তি হচ্ছে। এ ধরনের ঘটনা না ঘটাতে বিএসএফকে নিবৃত্ত রাখার আশ্বাস দিয়েছিল ভারত।
এ ধরনের অনৈতিক এবং ঘৃণ্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি জানিয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
শনিবার ভোর ৫টার দিকে যশোরের শার্শা উপজেলার মাঠপাড়া উড়শি এলাকায় বিএসএফের গুলিতে আহত হন রাশেদুজ্জামান (২২) নামের একজন গরু ব্যবসায়ী। পরে বাংলাদেশ সীমান্তের ভেতরেই তার মৃত্যু হয়।
নিহত রাশেদ যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
এর আগে গত ৯ ডিসেম্বর রাজশাহীর সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকায় বিএসএফের সেনা তল্লাশি চৌকিতে চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমানের (২২) ওপর নির্মম নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা।
স¤প্রতি ওই নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার আট সদস্যকে বরখাস্ত করে বিএসএফ। বাংলাদেশ এ নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এর তদন্ত দাবি করে।
সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।
হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে বলে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিএসএফের বিচার হওয়া উচিৎ।
মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়। নির্যাতনের ঘটনা অসংখ্য।
সীমান্তে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স¤প্রতি বিএসএফকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দেওয়ার কথা বলে ভারত সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/পিডি/০০০২ ঘ.
bdnews24