ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
শেখ হাসিনা সরকার উৎখাতে কতিপয় সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টার তথ্য উদ্ঘাটনের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ হয়েছে বলে বিকালেই এক সংবাদ সম্মেলনে জানায় সেনাবাহিনী।
সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্য একটি বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভ্যুত্থানচেষ্টা নিয়েও কথা বলেন।
আশরাফ বলেন, “আমাদের (রাজনৈতিক দল) মধ্যে ভিন্নমত থাকতে পারে। তবে গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ গণতন্ত্র ব্যাহত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই গণতন্ত্র সমুন্নত ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।”
অতীতের সেনা অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “অতীতে ষড়যন্ত্র সফল হলেও বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের স্থান আর নেই।”
সেনাবাহিনী জানিয়েছে, ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে সরকার উৎখাতের পরিকল্পনা হয়। যাতে জড়িত ছিল ধর্মীয় কট্টর একটি গোষ্ঠী, অতীতের গণতন্ত্র ধ্বংসের বিভিন্ন অপশক্তি। আর অপপ্রচারের জন্য ব্যবহৃত হয়েছে স্বার্থান্বেষী সংবাদপত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম।
অতীতের সেনা অভ্যুত্থানের দিকে ইঙ্গিত করে সরকারমন্ত্রী বলেন, “অতীতে ষড়যন্ত্র সফল হলেও বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের স্থান আর নেই।”
“যারা বা যে শক্তিই হোক না কেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বা ধারা ব্যাহত হয় এমন ষড়যন্ত্র করলে তাদের আইনের আওতায় আনা হবে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।
পাকিস্তানের দিকে ইঙ্গিত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “পাকিস্তানে আজ কী ঘটছে? সেখানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হুমকির মুখে। কয়েক বছর আগে বাংলাদেশেও কী ঘটেছিল, তা আপনারা দেখেছেন।”
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই- এই মন্তব্য করে তিনি বলেন, “সরকার আসবে-যাবে। কিন্তু গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ এবং তা প্রকাশের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান আশরাফ।
“আজকেই আমরা বিষয়টি সেনাবাহিনীর কাছ থেকে শুনেছি। তবে অস্বীকার করার উপায় নেই যে কয়েকদিন ধরেই এ বিষয়ে কানাঘুষা চলছিল,” বলেন তিনি।
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা চাই, সেনাবাহিনী জড়িতদের চিহ্নিত করে তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে।”
অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি দুজনকে আটকের কথা জানিয়ে সেনাবাহিনী বলেছে, এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যড়যন্ত্রে লিপ্ত সেনা কর্মকর্তাদের আত্মসমর্পণ করে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০৫৪ ঘ.
bdnews24