ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, দেশের এক কোটি ২০ লাখ মানুষ মৎস্য খাতে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছে।
এ খাতে বছরে শতকরা তিন দশমিক ৫০ হারে শ্রম-শক্তি বাড়ছে বলেও জানান তিনি।
বুধবার বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামের (বিএফআরএফ) পঞ্চম দ্বি-বার্ষিক মৎস্য গবেষণা সম্মেলন ও গবেষণা মেলার উদ্বোধন অনুষ্ঠানে রপ্তানিতে মৎস্য খাতের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যের শতকরা প্রায় পাঁচ ভাগ মৎস্য খাত থেকে আসছে। বর্তমানে দেশের রপ্তানি পণ্য তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্য। এছাড়া দেশের মানুষের প্রয়োজনীয় আমিষের শতকরা প্রায় ৬৩ ভাগের যোগান দিচ্ছে এ খাত।
মৎস্য সম্পদের উন্নয়নে সরকারের বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে আব্দুল লতিফ বলেন, মৎস্য অধিদপ্তরের আওতায় ২২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তিন বছরে চারশ ৪৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থবছরে বাস্তবায়নের জন্য আরও পাঁচটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এতে তিনশ ১৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হবে।
আরো ছয়শ ১৪ কোটি ৮৭ লাখ টাকার পাঁচটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে ২৭ কোটি টাকা ব্যয়ে পাঁচশ ১৬ দশমিক ১৪ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করে ১৪ হাজার আটশ ৬৮ টন অতিরিক্ত মাছ উৎপাদন সম্ভব হয়। যার আর্থিক মূল্য দুইশ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা। গত অর্থবছরে দেশে ৩১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয় যে পরিমাণ গত সরকারের শেষ বছরে ছিল ২৩ লাখ টন।
বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া মাছের জাত পুনরুদ্ধার এবং নতুন নতুন জাতের মাছের জাত উদ্ভাবনে এগিয়ে আসতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ওয়ায়েজ কবীর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ ও ওয়ার্ল্ড ফিস সেন্টারের পরিচালক উইলিয়াম জে কলিসসহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৬০৬ ঘ.
bdnews24