ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ৩১ জানুয়ারি আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে।
ট্রাইব্যুনালের নির্দেশে প্রসিকিউশন বিভাগ গত ১৫ জানুয়ারি এই জামায়াত নেতার বিরুদ্ধে পুনর্বিন্যস্ত অভিযোগ উত্থাপন করে।
বুধবার আদাল জানায়, নথি পড়া এখানো শেষ না হওয়ায় অপরাধ আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে ৩১ জানুয়ারি।
যুদ্ধাপরাধের অভিযোগে মো. কামারুজ্জামানের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দেওয়া ৩২৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
কামারুজ্জামান ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫৩৮ ঘ.
bdnews24