২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট: খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। দুদক কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিগত চার দলীয় জোট সরকারের সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানকেও আসামি করা হয়েছে এ মামলায়। সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো। ফৌজদারি মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী আমিনুল গণি টিটু জানান, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। দোষী সাব্যস্ত হলে তাদের আত্মসাৎ করা অর্থও রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ইকবাল হোসেন জানান, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকের্টের বেঞ্চ গত ৮ ডিসেম্বর এ মামলায় ৮ সপ্তাহের জন্য জামিন দেন খালেদা জিয়াকে। আসামি মনিরুল ইসলাম ও জিয়াউল ইসলাম মুন্নাও ১৪ ডিসেম্বর একই বেঞ্চ থেকে জামিন পেয়েছেন। খালেদা জিয়া হাইকোর্টের এই জামিন নামা নিু আদালতে দাখিলের জন্য মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। দুদকের অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা এসেছে অবধৈ উৎস থেকে। মামলায় বলা হয়, ২০০৫ সালের ৯ জানুয়ারি সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে একটি হিসাব খোলা হয়। এতে ৭ দিনের মধ্যে জমা হয় ৭ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা। এর মধ্যে ৬ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা বিএনপির দলীয় তহবিল থেকে আসে। বাকি টাকার মধ্যে ১ কোটি ৩৫ লাখ টাকা মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেড এবং ২৭ লাখ টাকা জিয়াউল ইসলামের কাছ থেকে ওই হিসাবে আসে। দুদকের অভিযোগ, বিএনপির দলীয় ফান্ডের টাকা ছাড়া বাকি টাকার কোনো বৈধ উৎস নেই। তখনকার প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দাপ্তরিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উৎস থেকে ওই অর্থ সংগ্রহ ও জমা করা হয়েছে। দুদকের তদন্তে মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এস জাহাঙ্গীর ট্রাস্টে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম মেট্রো মেকার্সের নাম ব্যবহার করে ওই অর্থ জমা দিয়েছেন। অন্যদিকে মনিরুল ইসলাম দুদককে বলেছেন, হারিছ চৌধুরীর দেওয়া টাকা পে অর্ডারের মাধ্যমে তিনি ওই হিসাব নম্বরে জমা দিয়েছেন। একইভাবে জিয়াউল ইসলামও বলেছেন, নির্দেশ ছিল বলেই তিনি টাকা জমা দিয়েছেন। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য চার দফা চিঠি দেওয়া হলেও খালেদা জিয়া আসেননি বলে জানিয়েছে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এএল/১৬৩০ ঘ.