২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও ঝালকাঠীতে ৪ জামায়ত নেতা, ৪ শিবিরকর্মী গ্রেপ্তার

নওগাঁয় এক জেলা জামায়াত নেতা ও চার শিবিরকর্মী এবং ঝালকাঠীর রাজাপুর উপজেলা আমীরসহ জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নওগাঁ/ ঝালকাঠী, জানুয়ারি ১৫ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় এক জেলা জামায়াত নেতা ও চার শিবিরকর্মী এবং ঝালকাঠীর রাজাপুর উপজেলা আমীরসহ জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ প্রতিনিধি জানান, জেলা জামায়ত কর্মপরিষদ সদস্য ও চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন সময় পুলিশ এ অভিযান চালায়। এদিকে রোববার বিকাল ৩টায় নিয়ামতপুর উপজেলা জামায়াতের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শ্রীমন্তপুর ইউপি চেয়্যারম্যান জামায়াত নেতা আল মামুন হক ও কর্মী আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মো. এরফান আলী, শিবিরকর্মী হাবিবুর (২৩), খলিল (২০), হাসান (২০) ও আব্দুল বারী। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ সরকার বলেন, নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ভোর রাতে সাপাহার ও নওগাঁ শহর থেকে দুই জামায়ত নেতা এবং শনিবার গভীর রাতে শহরের দয়ালের মোড়ের একটি ছাত্রাবাস থেকে শিবিরকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার এওয়াই বেলালুর রহমান পাঁচ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। ঝালকাঠী প্রতিনিধি জানান, রোববার সন্ধ্যা ৭টায় পুলিশ উপজেলা জামায়াত আমীর আবু বকর মোহাম্মদ সিদ্দিক (৫৮), সাধারণ সম্পাদক মাওলামা হেমায়েত (৫২) এবং সাতুরিয়া ইউনিয়ন আমীর মো. হেমায়েত উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে পারে আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.