আগরতলা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্রিপুরা সফরের পরিকল্পনা করলেও ১৯৭৫ সালে তিনি সপরিবারে নিহত হওয়ায় তা আর হয়নি। মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছরের মাথায় তার কন্যা এবার ত্রিপুরা সফরে এলেন।
এ প্রসঙ্গে ভারতের খ্যাতনামা আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা রবিন সেন বলেন, “তার বাবা পারেননি, কিন্তু ৪০ বছর পরে হলেও তিনি আসছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বর্পূ ভূমিকা রাখা ছোট রাজ্য ত্রিপুরা সফরে শেষ পর্যন্ত আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত।”
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে বুধবার দুপুরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরের প্রাক্কালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের প্রতিক্রিয়া জানান রবিন।
মুক্তিযুদ্ধের সময়ের বেশকিছু দুর্লভ ঐতিহাসিক আলোকচিত্র ক্যামেরাবন্দি করেছিলেন রবিন সেন। স্মৃতির পাতা ঘেঁটে ওই সময়ের বর্ণনা দেন তিনি, “সে সময় ত্রিপুরা বাংলাদেশের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলো বাংলাদেশের জন্য। বাংলাদেশের ১৬ লাখ মানুষকে ঠাঁই দিয়েছে রাজ্যটি যা তার নিজের জনসংখ্যার চেয়েও বেশি। শুধু কি তাই, মুক্তিবাহিনীর জন্য নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিল ত্রিপুরা।”
“১৯৭১ সালের নয় মাসের সেই যুদ্ধে চারটি ভিন্ন সেক্টরের অধীনে ছয়-সাতটি ক্যাম্প ত্রিপুরা থেকেই যুদ্ধ চালিয়ে গেছে।”
যুদ্ধের সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য মুক্তিবাহিনীর সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরতে গিয়ে পাকবাহিনীর হাতে হাজার হাজার মানুষের মৃত্যু দেখেছেন আলোকচিত্রী রবিন। শরণার্থী শিবিরগুলোতে মানুষের অবস্থা ছিল অমানবিক। সেসব কথা বলতে গিয়ে চোখ পানিতে ভরে ওঠে তার।
“খুবই অমানবিক ও বর্বর ছিলো সেসব হত্যাকাণ্ড। এমনকি বৃদ্ধ ও শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। নারীরা ভুগেছে সবচেয়ে বেশি। পাক সেনাদের হাতে সম্ভ্রম হারানোর চাইতে আত্মহত্যা বেছে নিয়েছে অসংখ্য নারী।”
রবিন সেন জানান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ। ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে সহায়তা দেওয়া শুরু করার আগেই ৭১ সালের এপ্রিল মাসে রাজ্য পুলিশের অস্ত্রভাণ্ডার থেকে ৩২৭টি রাইফেল মুক্তিবাহিনীর হাতে তুলে দেন তিনি।
তিনি বলেন, “এজন্য পরবর্তীতে কংগ্রেস সভানেত্রী ইন্দিরা গান্ধীর অসন্তুষ্টির শিকার হন তিনি। অবশেষে ওই বছরের নভেম্বর মাসে পদত্যাগ করতে বাধ্য করা হয় তাকে।”
“শেখ মুজিবুর রহমান সত্যিই আগরতলায় এসেছেন না আসেননি, সেটা ভিন্ন বিতর্ক। তবে ১৯৬৮ সালে পাকিস্তান সরকার ভারত সরকারের সহায়তায় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার অভিযোগে শেখ মুজিবকে মূল আসামি করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ করে।”
“১৯৭৫ সালে নিহত না হলে বঙ্গবন্ধু হয়তো ত্রিপুরা সফরে আসতেন” উল্লেখ করে রবিন সেন বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ত্রিপুরা সফরের কথা দিলেও তা রাখতে পারেননি তিনি। তবে তার মেয়ে শেখ হাসিনার ৪০ বছর পরে প্রধানমন্ত্রী হিসেবে ত্রিপুরা সফর একটি ঐতিহাসিক মূহূর্ত,” বলেন তিনি।
এ সফরের ফলে প্রতিবেশী দুটি জাতির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দেবে। ভারতের উপ-রাষ্ট্রপতি এম হামিদ আনসারিও সমাবর্তনে যোগ দিতে দিল্লি থেকে আগরতলা আসবেন।
ত্রিপুরার সঙ্গে ৮৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশে। সাংস্কৃতিক দিক দিয়েও দুই অঞ্চলের অধিবাসীদের সাদৃশ্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/কিউএইচ/এসইউ/১৯৪৭ ঘ.
bdnews24