২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর পরিপ্রেক্ষিতে নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর পরিপ্রেক্ষিতে নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্য পেয়েই সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।” “কেউ নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে”, যোগ করেন তিনি। একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় জামিন আবেদন খারিজ করে বুধবার জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “সবাই চায় যুদ্ধাপরাধীদের বিচার হোক। আর জেলখানায় কেউ জামাই আদরে থাকতে পারে না, গোলাম আযমের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের আরো একটি বেঞ্চ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিকালে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে মিছিল হবে বলে জানান আওয়ামী লীগ নেতা সাহারা। আওয়ামীলীগের পক্ষ থেকে কোন আনন্দ মিছিল করা হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিকালের মিছিল আনন্দ মিছিল কিনা তা বলতে পারব না, তবে আওয়ামী লীগ ও সাধারণ মানুষ এ মিছিলে যোগ দেবে।” বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৬১৬ ঘ.