২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংলাপ শেষে, দুপুরে সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে এক ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর বিএনপি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিই সেখানে তুলে ধরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে এক ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর বিএনপি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিই সেখানে তুলে ধরেছে তারা। সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, দুুপুর ১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংলাপের বিষয়বস্তু জানানো হবে। এ সংলাপে অংশ নিতে খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করে। সংলাপ শুরু হয় ১১টায়। বেলা ১২টায় সংলাপ শেষে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “ম্যাডাম লিখিত বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন। রাষ্ট্রপতি বলেছেন, তিনি যথাযথ কর্তৃপক্ষেরম কাছে বিষয়টি পৌঁছে দেবেন।” বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহাবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। ২০০৬ সালের পর এই প্রথম খালেদা জিয়া বঙ্গভবনে এলেন। ওই বছর নভেম্বর মাসে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক করতে খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সর্বশেষ বঙ্গভবনে এসেছিল। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। গত ২৬ ডিসেম্বর তিনি বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানান। ইতিমধ্যে রাষ্ট্রপতি ১১ দিনে ২২টি দলের সঙ্গে সংলাপ করেছেন। বৃহস্পতিবার তার বসার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে। সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই সমমনাদের নিয়ে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। সর্বশেষ গত ৯ জানুয়ারি চট্টগ্রামের জনসভা থেকে সরকার পতনের জন্য ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া, যা চূড়ান্ত রূপ পাবে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জেকে/১২১৫ ঘ.