২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিও নিয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ

বগুড়ার গাবতলী উপজেলায় টেস্ট রিলিফের গমের ডিও কেনা নিয়ে ক্ষমতাসীন দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

বগুড়া, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলায় টেস্ট রিলিফের গমের ডিও কেনা নিয়ে ক্ষমতাসীন দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। মঙ্গলবার গাবতলী উপজেলা চত্বরে এ সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বগুড়া-সারিয়াকান্দি, বগুড়া-সোনাতলা সড়কে চারঘণ্টা যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। আহতরা হলেন- জাফরুল পাইকার, সুজন, মিঠুন, ইব্রাহিম, মানিক, দুলাল ও ফারুক। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাবতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলায় বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য টেস্ট রিলিফের (টি-আর) ১২৫ মে. টন গমের ৮৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওই বরাদ্দের ছাড়পত্র (ডি-ও) কেনা নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা চত্বরে ক্ষমতা প্রদর্শন চলে আসছিল। সকালে হঠাৎ উপজেলা চত্বরসহ গাবতলী পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে থানা গেট, তিন মাথা মোড়, হাসপাতাল সড়কে প্রায় ১৫টি ককটেল বিস্ফোরণসহ ফাঁকা গুলির শব্দ শোনা যায়। গাবতলী মডেল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষমতাসীন দলের সুবিধাপ্রাপ্ত ও বঞ্চিত পক্ষের মধ্যে টেস্ট রিলিফের ডিও কেনা নিয়ে সংঘর্ষ হয়েছে। কয়েকটি হাত বোমা বিস্ফোরণ হয়েছে বলে স্বীকার করে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাত বোমায় আহত হয়ে হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন। কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ইমারত আলী ও গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ আজম খান বলেন, টি-আর কেনাবেচায় সরকারি দলের সঙ্গে বিরোধী দলের কিছু নেতাকর্মী সম্পৃক্ত। তবে বিরোধীদলের কেউ সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুর্শেদ মিল্টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০০ ঘ.