ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছে। নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে এ সংলাপের আয়োজন হলেও এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিই তুলে ধরবে প্রধান বিরোধী দল।
সকাল ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। সংলাপ শুরু হয় ১১টায়।
বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহাবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।
এ সংলাপ সামনে রেখে মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন খালেদা। আর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে প্রতিনিধি দলের সদস্যদের নামের তালিকা বঙ্গভবনে পাঠান।
স্থায়ী কমিটির বৈঠকের পর রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবায়ক সরকারের বিষয়টি আমরা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবো।”
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। গত ২৬ ডিসেম্বর তিনি বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানান।
ইতিমধ্যে রাষ্ট্রপতি নয় দিনে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেছেন। বৃহস্পতিবার তার বসার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে।
বিএনপি নেতারা ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির কথা রাষ্ট্রপতিকে জানাতেই তারা সংলাপে যাচ্ছেন। দলটি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সিদ্ধান্ত না হলে শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন করে কোনো লাভ হবে না।
সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই সমমনাদের নিয়ে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। সর্বশেষ গত ৯ জানুয়ারি চট্টগ্রামের জনসভা থেকে সরকার পতনের জন্য ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া, যা চূড়ান্ত রূপ পাবে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১০২ ঘ.
bdnews24