ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফর আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার ত্রিপুরাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে বুধবার ত্রিপুরা যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অব লিটারেচার) দেওয়ার কথা।
ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিও সমাবর্তনে যোগ দিতে দিল্লি থেকে আগরতলা আসবেন।
রাষ্ট্র পরিচালনা, দূরদর্শী নেতৃত্ব এবং শান্তি ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে ডি লিট দেওয়া হচ্ছে। ভারতের উপ-রাষ্ট্রপতি এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও ত্রিপুরা যাওয়ার কথা। ত্রিপুরায় কনফেডারেশন অব ইনডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এক যৌথ ব্যবসায়ী সম্মিলনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সর্বতো সহায়তা করেছিল ত্রিপুরা। সেসময় প্রায় ১৬ লাখ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১২৫ ঘ.
bdnews24