সিরাজগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস পোড়ানোর মামলায় সিরাজগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের ১২২ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে এই নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক জোয়ার্দ্দার আমিরুল ইসলাম তা মঞ্জুর করেন।
আদালতের এপিপি আব্দুর রউফ পান্না ও ওয়াছ করোনী লকেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা হাইকোর্ট থেকে ২ মাসের জামিন নিয়েছিলেন। ওই জামিনের নথিপত্র জমা দেওয়ায় বিচারক তাদের জামিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখার নির্দেশ দেন।
গত ১৮ ডিসেম্বর সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপিকর্মীদের লাঠিপেটার পর রাজধানীর কয়েকটি স্থানে বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকায় গোলযোগ শুরুর কয়েকঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরো ৩-৪টি বাসে ভাংচুর চালানো হয়।
এ ঘটনায় কামারখন্দ থানার উপ-পরিদর্শক ওহিদুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
মামলায় জেলা বিএনপি সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দীন, সাইদুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, ছাত্রদল আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুবদল সভাপতি আবু সাঈদ সুইটসহ ৭৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন ১১৬ জনের বিরুদ্ধে গত ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।
আগামী ১ মার্চ এই ১২২ নেতাকর্মীকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24