২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াই দেশের প্রথম রাষ্ট্রপতি: অলি

অলি আহমদ দাবি করেছেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলি আহমদ দাবি করেছেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি সোমবার চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে চারদলীয় জোটের জনসভায় এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির রোড মার্চ শেষে জনসভায় তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পিতাকে পাকিস্তানিরা ধরে নিয়ে যাওয়ার পর সব আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়েছিল।” “সে সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অষ্টম বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই তিনিই বাংলাদেশের প্রকৃত প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি।” ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমনণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানি সেনাবাহিনী। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ বাঙালির ওপর হত্যাযঞ্জ শুরু করে পাকিস্তানি সেনারা। এর দুদিন পর চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন তৎকালীন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। তবে বিএনপি তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে দাবি করে থাকে। গত ৩০ জুনে সংশোধিত সংবিধান এবং এর আগে ২০০৯ সালের ২১ জুন হাই কোর্টের দেওয়া এক রায় অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠা হয়। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ছাড়েন অলি আহমদ। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারায় যোগ দিয়ে সেখান থেকেও বেরিয়ে যান তিনি। এর পর তিনি এলডিপি গঠন করেন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের জুন মাসে দলের চাপে পদত্যাগে বাধ্য হন বদরুদ্দোজা চৌধুরী। ওই বছরই অগাস্টে বিকল্প ধারা গঠন করেন বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব। সরকারবিরোধী আন্দোলনে ইতিমধ্যে এলডিপিকে পাশে পেয়েছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/০০২০ ঘ.