চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে ‘বিদায়’ করতে ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যা ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশের মধ্য দিয়ে যা চূড়ান্ত রূপ পাবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোডমার্চ শেষে সোমবার বিকেলে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের জনসভা থেকে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
৪৫ মিনিটের বক্তৃতার শেষ দিকে খালেদা জিয়া বলেন, “আমরা ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবো। সরকারকে বলবো, এই কর্মসূচিতে বাধা দেবেন না। নইলে এর দায় সরকারকেই নিতে হবে।”
সমাবেশে উপস্থিত সমমনা দলগুলোর নেতাকর্মীসহ চট্টগ্রামবাসীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “আপনারা আমার ডাকে সাড়া দিয়ে ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। ১২ মার্চ ঢাকা চলো, ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেবেন।”
ঢাকায় মহাসমাবেশ ছাড়াও ২৯ জানুয়ারি সব বিভাগীয় শহরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
খালেদা বলেন, “সামনে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে ফেব্র“য়ারি মাসে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও গণসংযোগের কর্মসূচি রাখা হয়েছে। জনদুর্ভোগ যাতে না হয়, সেজন্য আমরা ফেব্র“য়ারি মাসে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি।”
রোববার সকালে ঢাকা থেকে রোড মার্চ শুরু করে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম পৌঁছান বিরোধী দলীয় নেতা। চট্টগ্রাম সার্কিট হাউজে রাত কাটান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবিতে জনমত গড়ে তুলতে এর আগে সিলেট, চাঁপাই নবাবগঞ্জ ও খুলনা অভিমুখে রোডমার্চ করেন খালেদা জিয়া। ছয় বিভাগে রোড মার্চ করার সিদ্ধান্ত থাকলেও পরে রংপুর ও বরিশাল রোড মার্চ বাতিল করা হয়।
খালেদা জিয়া বর্তমান সরকারের ‘জামায়াতবিরোধী নীতির’ সমালোচনা করে বলেন, “৯৬ সালে এই জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জ্বালা-পোড়াও আন্দোলন করেছিলো আমাদের বিরুদ্ধে। এখন তাদেরকে তারা বলছে, যুদ্ধাপরাধী।”
ট্রানজিট প্রদান, চট্টগ্রাম ও মংলা বন্দর সুবিধা প্রদান, সীমান্তে হত্যাসহ ভারতের সঙ্গে নানা চুক্তির সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছে। অথচ পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না তারা। সীমান্তে মানুষ হত্যা করছে নির্বিচারে। কোনটারই প্রতিবাদ করে না সরকার।”
সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, পথে বিএনপি চেয়ারপার্সন ফেনীতে এক ঘণ্টা যাত্রা বিরতি করবেন।
তত্ত্বাবধায়ক সরকার
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে খালেদা জিয়া বলেন, “তারা (সরকার) এখন তত্ত্বাবধায়ক সরকারের ভয় দেখায়। এতে লাভ হবে না। আমরা বলব, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিরোধিতা চলবে না। এদেশে তত্ত্বাবধায়কের অধীনে অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছিলো, ভবিষ্যতেও হতে হবে।”
“বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমানের সরকার ছিলো তত্ত্বাবধায়ক সরকার। তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফখরুদ্দীন-মইনুদ্দীন কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিলো না, তারা ছিলো অবৈধ অসাংবিধান সরকার। সেই সরকারের কথা টেনে ভয় দেখিয়ে লাভ হবে না।”- যোগ করেন খালেদা জিয়া।
গত ৭ জানুয়ারি গণভবনে ছাত্রলীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন কী। খাল কেটে কুমির আনার দরকারটা কী। তত্ত্বাবধায়ক সরকার এলেই যে বিএনপিকে চ্যাং দোলা করে ক্ষমতায় বসিয়ে দেবে না, বরং আবারো জেলের ভাত খেতে হতে পারে।”
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দেশের মানুষের কাছেই কেবল নয়, আন্তর্জাতিক মহলেও কাছেও গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালে আন্দোলন করে আসছে বিএনপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে বিরোধী দল বানাতে সরকার ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ ভাবছে, এরশাদকে বিরোধী দল বানিয়ে ঋণ শোধের মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসবে। ওই নির্বাচন জনগন মেনে নেবে না।”
১৯৮৬ সালে চট্টগ্রামের লালদিঘীর মাঠে শেখ হাসিনা নির্বাচনে না যাওয়ার ওয়াদা করে পরে এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান হয়েছিলো বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, তার দল আগামীতে ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দূর করবে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দ্রব্যমূল্য কমাবে। কৃষকদের উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য নির্ধারণ করবে।
তার প্রতিশ্র“তির তালিকায় আরও আছে- নবীন-প্রবীণদের নিয়ে দেশ পরিচালনা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ, ইসলামী দেশগুলোর সঙ্গে বিশেষ সর্ম্পক পুর্নস্থাপন করা, ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সর্ম্পক গড়া, দলীয়করণমুক্ত নিরপেক্ষ প্রশাসন ইত্যাদি।
সংলাপ লোকদেখানো
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির নেওয়া সংলাপ উদ্যোগের সমালোচনা করেন খালেদা জিয়া।
সংলাপ একটি লোকদেখানো প্রহসনের সংলাপ- এ মন্তব্য করে তিনি বলেন, “নতুন নির্বাচন কমিশনের সব কিছু সরকার আগেই ঠিক করে রেখেছে।”
“দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না,” যোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, “সরকার নির্বাচনে সেনা মোতায়েন বন্ধ করে দিয়েছে যেন কারচুপি করে নির্বাচনে জিততে পারে।”
১১ জানুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিএনপির সংলাপের দিন র্নিধারিত রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির শাসনামলে চট্টগ্রামের উন্নয়ন হয়েছে। কর্ণফুলী সেতুসহ সব বড় সেতু আমাদের শাসনামলে নির্মাণ হয়েছে।”
কর্ণফুলী সেতু ভিত্তি প্রস্তুরের সময়ে তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর হরতাল ডেকেছিল উল্লেখ করে তিনি বলেন, “তারা সব সময় উন্নয়ন কাজে বাধা দিয়েছে।”
পলোগ্রাউন্ডে প্রথম জনসভা
দুপুর সোয়া সাড়ে ১২টার দিকে মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী এক্যজোট, জাতীয় পার্টি, এলডিপি, কল্যাণ পার্টিসহ শরিক বিভিন্ন দলের নেতা-কর্মীরাও এতে উপস্থিত হন।
চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাঠে জনসভা করেছিলেন।
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে পলোগ্রাউন্ডে জড়ো হতে শুরু করেন চার দলের নেতাকর্মীরা। পুরো শহর আগেই সাজানো হয় তোরণ ও ডিজিটাল ব্যানার দিয়ে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার পাঁচ জামায়াত নেতার মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন, ব্যানার নিয়ে মঞ্চের সামনের দিকে স্থান দখল করে দলটির কর্মীরা।
দুপুুর ১টার মধ্যে পলোগ্রাউন্ড কানায় কানায় পূর্ণ হলে খালেদার বক্তব্য শুনতে আসা সমর্থকরা সড়কে অবস্থান নেয়। খালেদা জিয়া মঞ্চে ওঠার পরও খণ্ড খণ্ড মিছিল ঢুকতে থাকে মাঠে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, এম মোরশেদ খান, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কারাবন্দি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী প্রমুখ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, চট্টগ্রাম মহানগর আমীর সাংসদ মাওলানা শামসুল ইসলাম, কর্ম পরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরোয়ার, মোহাম্মদ শাহজাহান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মফিউল আলম প্রধান ও সমমনা দলের শীর্ষ পর্যায়ের নেতারা মূল মঞ্চে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/সিএম/এমইউ/জেকে/পিডি/২০২৩ ঘ.
bdnews24