চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চারদলীয় জোটের জনসভার শুরুতেই উত্তেজনা সৃষ্টি হয় জামায়াত-শিবির কর্মীদের মধ্যে।
সোমবার বেলা ১২টা ১০ মিনিটে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. সাহাদাৎ হোসেনের পরিচালনায় জনসভা শুরু হয়। এখানে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ঢাকা থেকে রোববার সকালে রোড মার্চ করে রাত ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান তিনি।
জনসভায় যোগ দিতে সকাল থেকে ডিজিটাল ব্যানার, ফেস্টুন নিয়ে পলোগ্রাউন্ডে জড়ো হতে শুরু করেন চার দলের নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ নানা দাবিতে এ জনসভার আয়োজন করা হলেও জামায়াত-শিবির নেতাকর্মীরা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার তাদের পাঁচ নেতার মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন, ব্যানার নিয়ে মঞ্চের সামনের স্থান দখল করে নেয়।
দুপুর ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এসব ব্যানার, ফেস্টুন গুটিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়- এমন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। এ আহ্বানে জামায়াত-শিবির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পরে নগর জামায়াতের আমিরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
সকাল ১০টার দিকে সমাবেশস্থলে সর্বপ্রথম পৌঁছায় চট্টগ্রাম বিশ্ববিদালয় ছাত্রদল। এরপর আসে মহানগর জামায়াতে ইসলামী ও মহানগর ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ ছাড়া বাসে করেও বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার জনসভায় যোগ দিয়েছেন।
এর আগে রোববার রোড মার্চে কুমিল্লায় তিনটি পথসভা ও ফেনিতে একটি জনসভায় বিএনপি চেয়ারপার্সন বক্তব্য দেন। এসব পথসভায় তিনি ঘোষণা দেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে ভুল করবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান সরকারকেই পুনর্বহাল করতে হবে।
এদিকে, চট্টগ্রামে খালেদা জিয়ার রোডমার্চ ও মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ।
সমাবেশস্থল এবং আশেপাশের এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (নগর বিশেষ শাখা) মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, সমাবেশস্থলে সাতশ এবং আশেপাশে আরো তিনশ পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউ/এএল/জেকে/১৪১৫ ঘ.
bdnews24